ঢাকা | বঙ্গাব্দ

সেনাবাহিনী-পুলিশ-এসআরবির নিরাপত্তায় রূপপুরে যাচ্ছে প্রথম ইউনিটের ইউরেনিয়াম

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 3, 2026 ইং
সেনাবাহিনী-পুলিশ-এসআরবির নিরাপত্তায় রূপপুরে যাচ্ছে প্রথম ইউনিটের ইউরেনিয়াম ছবির ক্যাপশন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়াম জ্বালানি কঠোর নিরাপত্তায় ঢাকা থেকে রূপপুরে নেওয়া হচ্ছে
ad728

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য আনা ইউরেনিয়াম জ্বালানি নিয়ে বিশেষ গাড়িবহর ৩ অক্টোবর সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে রওনা হয়েছে। তিনটি লরিতে করে এই জ্বালানি পরিবহন করা হচ্ছে। পুরো যাত্রাপথে বাংলাদেশ সেনাবাহিনী, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।

এর আগে ২ অক্টোবর গভীর রাতে রাশিয়ার তৈরি একটি ইলিউশিন আইএল-৭৬ কার্গো বিমানে করে ইউরেনিয়াম জ্বালানির চালান ঢাকায় পৌঁছায়। রাত ১১টা ৪৩ মিনিটে বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। চালানটির স্থানান্তর ও পরিবহন-সংক্রান্ত বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে।

এই চালান পৌঁছানোর মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য জ্বালানি সরবরাহের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো। প্রথম ইউনিটের নির্মাণকাজ শেষ হওয়ার পর ইউরেনিয়াম জ্বালানি পৌঁছানোয় এখন জ্বালানি লোডিং ও বিদ্যুৎ উৎপাদনের পরবর্তী ধাপ এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

চালানটি এর আগে ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। তবে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় সরবরাহে বিলম্ব হয়। পরে প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর বিশেষ কার্গো বিমানে করে জ্বালানি বাংলাদেশে আনা হয়।

ঢাকা থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে পাবনার রূপপুরে নির্মিত হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন প্রকল্পটির দুটি ইউনিটে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকবে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট।

কেন্দ্রটিতে জেনারেশন থ্রি প্লাস ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। প্রকল্প অনুযায়ী, রাশিয়া কেন্দ্রটির জন্য প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানি সরবরাহ করবে এবং কেন্দ্রের কার্যক্রমের শুরুতে রুশ বিশেষজ্ঞরা বাংলাদেশি কর্মীদের সঙ্গে কাজ করবেন।

প্রথম ইউনিটের নির্মাণ শেষ হলেও দ্বিতীয় ইউনিটের কাজ এখনো চলমান। প্রকল্পসংশ্লিষ্টদের প্রত্যাশা, দ্বিতীয় ইউনিটের নির্মাণকাজ আগামী বছরের শেষ নাগাদ সম্পন্ন হবে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাভারে মাদ্রাসাছাত্রকে ছয় মাস ধরে ধর্ষণের অভিযোগ, ২ শিক্ষকসহ

সাভারে মাদ্রাসাছাত্রকে ছয় মাস ধরে ধর্ষণের অভিযোগ, ২ শিক্ষকসহ