ঢাকা | বঙ্গাব্দ

পাঁচ ম্যাচ পর প্রথম হার, আল-ইত্তিহাদের কাছে থামল রোনালদোরা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2026 ইং
পাঁচ ম্যাচ পর প্রথম হার, আল-ইত্তিহাদের কাছে থামল রোনালদোরা ছবির ক্যাপশন: আল-ইত্তিহাদের বিপক্ষে গোল পাননি ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত
ad728

সৌদি প্রো লিগে এবারের মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল-নাসর। শনিবার (৫ সেপ্টেম্বর) পঞ্চম রাউন্ডের ম্যাচে আল-ইত্তিহাদের কাছে ২-১ গোলে হেরেছে রিয়াদের ক্লাবটি। পুরো ৯০ মিনিট মাঠে থাকলেও একাধিক সুযোগ পেয়েও গোল করতে পারেননি রোনালদো।

জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিক আল-ইত্তিহাদ। ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই নাইজেরিয়ান ফরোয়ার্ড জর্জ ইলেনিখেনার গোলে এগিয়ে যায় তারা।

এরপর ২২তম মিনিটে আল-নাসরের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন ইলেনিখেনা। ফলে মাত্র ২২ মিনিটেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় আল-ইত্তিহাদ।

ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার তথ্য অনুযায়ী, সৌদি প্রো লিগে দুই দলের মুখোমুখি লড়াইয়ে প্রথম ২২ মিনিটের মধ্যে আল-ইত্তিহাদের দুই গোল করার ঘটনা এবারই প্রথম।

দুই গোল হজমের পর ম্যাচে ফিরতে শুরু করে আল-নাসর। ৩৬তম মিনিটে রোনালদো ও জোয়াও ফেলিক্সের যৌথ প্রচেষ্টার পর বল পেয়ে দূরপাল্লার দারুণ শটে আল-নাসরের হয়ে ব্যবধান কমান অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। প্রথমার্ধ শেষ হয় ২-১ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে আল-নাসর। ৫৭তম মিনিটে রোনালদো গোলের সুযোগ পেলেও আল-ইত্তিহাদের গোলরক্ষক রাজকোভিচ দুর্দান্ত সেভে তাঁকে আটকে দেন। ইনজুরি সময়ে সাদিও মানের একটি সুযোগও রুখে দেন তিনি।

এ ছাড়া অ্যাঞ্জেলো, সামু কস্তা ও সিমাকানও গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু সেগুলো কাজে লাগাতে না পারায় শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল-ইত্তিহাদ।

এই হারে পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানেই রয়েছে আল-নাসর। সমান ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল-হিলাল। আর ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে আল-ইত্তিহাদ।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহার

মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহার