ঢাকা | বঙ্গাব্দ

ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় ছবির ক্যাপশন: অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর বাংলাদেশ দল।
ad728

ঢাকা, ১৬ আগস্ট: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ডারউইনের মারারা স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে টাইগাররা।

অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর খেলতে নেমেই এই ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ। টেস্ট ইতিহাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। এর আগে ২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ।

প্রথম ইনিংসে বাংলাদেশ ৪২৬ রান করার পর অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করে ২২৮ রানের লিড নেয় টাইগাররা। এরপর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। ৬ উইকেট হাতে রেখে তখনও ৬৭ রানে পিছিয়ে ছিল স্বাগতিকরা।

চতুর্থ দিন অস্ট্রেলিয়ার ব্যাটারদের দ্রুত ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় বাংলাদেশ। অ্যালেক্স ক্যারিকে ৩০, বো ওয়েবস্টারকে ৫ এবং অধিনায়ক প্যাট কামিন্সকে ৮ রানে আউট করেন মেহেদী হাসান মিরাজ।

মিচেল স্টার্ককে ১৮ রানে তাসকিন আহমেদ এবং প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ক্যামেরন গ্রিনকে ১০৪ রানে আউট করেন হাসান মাহমুদ।

অস্ট্রেলিয়ার শেষ ব্যাটার নাথান লায়নকে ১৫ রানে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন মিরাজ। ফলে ২৮৪ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। এতে বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭ রান।

বল হাতে বাংলাদেশের হয়ে মেহেদী হাসান মিরাজ ৬৬ রানে ৫ উইকেট নেন। হাসান মাহমুদ শিকার করেন ৩ উইকেট। তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ নেন একটি করে উইকেট।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই হ্যাজেলউডের বলে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তানজিদ হাসান শূন্য রানে ফিরে গেলেও এরপর আর কোনো বিপদ হতে দেননি সাদমান ইসলাম ও মোমিনুল হক।

দ্বিতীয় উইকেটে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে মাত্র ১৪.২ ওভারে বাংলাদেশকে ঐতিহাসিক জয় এনে দেন তারা।

সাদমান ইসলাম ৪টি চারে ২৫ রান এবং মোমিনুল হক ২টি বাউন্ডারিতে ৩০ রান করে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার হয়ে একমাত্র উইকেটটি নেন জশ হ্যাজেলউড।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৯৮ এবং বাংলাদেশ ৪২৬ রান করেছিল।

এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। আগামী ২২ আগস্ট ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।



নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভিনিসিয়াসকে ছাড়তে প্রস্তুত রিয়াল মাদ্রিদ

ভিনিসিয়াসকে ছাড়তে প্রস্তুত রিয়াল মাদ্রিদ