ঢাকা | বঙ্গাব্দ

নতুন পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত হয়নি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 15, 2026 ইং
নতুন পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত হয়নি ছবির ক্যাপশন: জাতীয় বেতন কমিশন–২০২৫-এর সুপারিশ প্রণয়ন কমিটি
ad728

সরকারি চাকরিজীবী, বিচার বিভাগীয় কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য নতুন বেতন কাঠামোর সুপারিশ এখনো চূড়ান্ত করতে পারেনি জাতীয় বেতন কমিশন–২০২৫-এর সুপারিশ প্রণয়ন কমিটি। বেতন কাঠামোর বিভিন্ন বিষয় আরও পর্যালোচনার জন্য সামনে কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত কমিটির ষষ্ঠ বৈঠকে নতুন পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। তবে কতটি বৈঠক অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

বৈঠক সূত্রে জানা গেছে, কমিটি প্রথম বছরে মূল বেতন বৃদ্ধি এবং পরবর্তী বছরে বিভিন্ন ভাতা সমন্বয়ের প্রস্তাবের প্রতি ইতিবাচক মত দিয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব মন্ত্রিসভার ওপরই ছেড়ে দেওয়া হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর গেজেট প্রকাশের মাধ্যমে নতুন বেতন কাঠামো কার্যকর হবে।

নতুন পে-স্কেল নির্ধারণে সরকারের আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পর্যবেক্ষণও বিবেচনায় রাখা হচ্ছে। রাজস্ব আয়ের সীমাবদ্ধতা ও বাজেট ঘাটতির কারণে বড় ধরনের বেতন বৃদ্ধি সরকারি ব্যয়ের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে—এ বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে।

এর আগে অনুষ্ঠিত বৈঠকগুলোতে গ্রেডভিত্তিক বেতন বৈষম্য, মূল্যস্ফীতির প্রভাব, বাড়িভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতা, পেনশন এবং অবসর-পরবর্তী সুবিধাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সর্বশেষ বৈঠকে নিম্ন গ্রেডের কর্মচারীদের তুলনামূলক বেশি সুবিধা দেওয়ার নীতিগত সিদ্ধান্তের বিষয়েও আলোচনা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে ১ম থেকে ৯ম গ্রেড পর্যন্ত বেতন ৬০ থেকে ৭০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত ৯০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব বিবেচনায় রয়েছে। তবে এসব সুপারিশ এখনো চূড়ান্ত হয়নি এবং মন্ত্রিসভা প্রয়োজন অনুযায়ী পরিবর্তন, সংযোজন বা বিয়োজন করতে পারবে।

উল্লেখ্য, সরকারি চাকরিজীবীদের জন্য সর্বশেষ জাতীয় বেতন স্কেল কার্যকর হয় ২০১৫ সালে। এরপর প্রতি বছর ৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়া হলেও নতুন পে-স্কেল ঘোষণা হয়নি। ফলে এক দশকের বেশি সময় ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় রয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আবারও ভূমিকম্প, প্রস্তুত তো ঢাকা?

আবারও ভূমিকম্প, প্রস্তুত তো ঢাকা?