ঢাকা | বঙ্গাব্দ

খুলনায় নদীর চর থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, ১২ দিনে সাত খুন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2026 ইং
খুলনায় নদীর চর থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, ১২ দিনে সাত খুন ছবির ক্যাপশন: খুলনার রূপসা উপজেলার সিংহের চর এলাকায় আঠারোবেকি নদীর চরে দুই যুবকের মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় লোকজন।
ad728

খুলনায় নদীর চরে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ, ১২ দিনে সাত খুন


খুলনার রূপসা উপজেলার আঠারোবেকি নদীর চর থেকে গুলিবিদ্ধ দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আইচগাতি ইউনিয়নের সিংহের চর এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তিরা হলেন মেহেদী হাসান (৩৫) ও রেজাউল করিম (৩০)। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, তাঁরা খুলনার অপরাধজগতে আলোচিত রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবুর গড়া ‘বি-কোম্পানি’ নামের সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন।

এ নিয়ে গত ১২ দিনে খুলনা মহানগর ও জেলায় সাতটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। একই সময়ে গুলিবিদ্ধ হয়েছেন পাঁচজন। তাঁদের মধ্যে যুবদলের বর্তমান ও সাবেক তিন নেতা রয়েছেন। চলতি বছরের ১ নভেম্বর পর্যন্ত খুলনা মহানগর ও জেলায় গুলি, ধারালো অস্ত্রের আঘাতসহ বিভিন্নভাবে ৭৫ জন হত্যার শিকার হয়েছেন।


নদীর চরে যেভাবে মিলল দুই মরদেহ

স্থানীয় লোকজন সোমবার দুপুরে আঠারোবেকি নদীর চরে প্রথমে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে ভাটার সময় পানি কমে গেলে একই জায়গায় আরও একটি মরদেহ দেখতে পান তাঁরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত মেহেদী হাসান রূপসার রাজাপুর এলাকার আবদুল্লাহর ছেলে। একসময় তিনি জেলখানা ঘাটে মাঝি হিসেবে কাজ করতেন। অন্য নিহত ব্যক্তির নাম রেজাউল করিম।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান প্রথম আলোকে বলেন, দুজনকেই গুলি করে হত্যা করা হয়েছে। হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ। মেহেদীর ভ্রুর ওপরের পাশে এবং রেজাউলের থুতনির নিচে ও পিঠে গুলির চিহ্ন রয়েছে।

ওসি আরও বলেন, দুজনই ‘বি-কোম্পানি’র সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে। হত্যার কারণ অনুসন্ধান করছে পুলিশ।

মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যান মেহেদীর বাবা আবদুল্লাহ। সাংবাদিকদের তিনি বলেন, মেহেদী আলাদা থাকতেন। ছেলের সঙ্গে তাঁর তেমন যোগাযোগ ছিল না।


খুলনায় ধারাবাহিক হত্যাকাণ্ড

সর্বশেষ গত রোববার সন্ধ্যায় খুলনা নগরের আড়ংঘাটা থানার রায়েরমহল এলাকার একটি রেস্তোরাঁয় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে খুন হন খুলনা মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির। দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে।

এর আগে শনিবার দিবাগত রাতে নগরের লবণচরা এলাকার সড়ক থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ভাষ্য, তাঁকে কুপিয়ে হত্যার পর সড়কে ফেলে যায় দুর্বৃত্তরা।

গত ২৬ অক্টোবর রাতে শুরু হয়ে ২৭ অক্টোবর বিকেল পর্যন্ত খুলনায় গুলির তিনটি ঘটনা ঘটে। এর মধ্যে বটিয়াঘাটা উপজেলার পৃথক দুটি স্থানে গুলিতে আহত হন যুবদলের সাবেক দুই নেতা। খুলনা নগরে গুলিবিদ্ধ হন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী।

এ ছাড়া ২৫ অক্টোবর সোনাডাঙ্গা থানা এলাকায় একজনকে পিটিয়ে হত্যা করা হয়। ২৪ অক্টোবর নগরের দক্ষিণ টুটপাড়া গাছতলা এলাকায় কলেজশিক্ষক ধনঞ্জয় কুণ্ডু ওরফে আকাশ কুণ্ডুকে গুলি করে দুর্বৃত্তরা। একই দিন সকালে তেরখাদা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন যুবদল নেতা রামিম বিশ্বাস।

২২ অক্টোবর সকালে নগরের পূর্ব বানিয়াখামার এলাকায় এক যুবককে গুলি করে হত্যা করা হয়। একই দিন সন্ধ্যার পর জিন্নাহপাড়া এলাকায় গুলি করে হত্যা করা হয় এক গৃহবধূকে।

পুলিশের তথ্য অনুযায়ী, এসব হত্যাকাণ্ডের অধিকাংশের পেছনে অস্ত্র ও মাদক কারবার, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, পূর্বশত্রুতা এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পারস্পরিক বিরোধের মতো কারণ রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সংসদে অর্থমন্ত্রীর তথ্য, ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে খেলাপি ঋণ ১

সংসদে অর্থমন্ত্রীর তথ্য, ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে খেলাপি ঋণ ১