ঢাকা | বঙ্গাব্দ

ভারতের প্রবীণ কমিউনিস্ট নেতা কমরেড স্বদেশ ভট্টাচার্যের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026 ইং
ভারতের প্রবীণ কমিউনিস্ট নেতা কমরেড স্বদেশ ভট্টাচার্যের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ছবির ক্যাপশন: ভারতের প্রবীণ কমিউনিস্ট নেতা ও সিপিআই-এমএল লিবারেশনের পলিটব্যুরোর সদস্য কমরেড স্বদেশ ভট্টাচার্য। ছবি: সংগৃহীত
ad728

স্বদেশ ভট্টাচার্যের মৃত্যুতে ভারতের বিপ্লবী বামপন্থী আন্দোলনে বড় শূন্যতা: সাইফুল হক

ভারতের প্রবীণ কমিউনিস্ট নেতা ও কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী-লেনিনবাদী) লিবারেশনের পলিটব্যুরোর সদস্য কমরেড স্বদেশ ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, তার মৃত্যুতে ভারতের বিপ্লবী বামপন্থী আন্দোলনে বড় শূন্যতা তৈরি হলো।

শনিবার (৩১ অক্টোবর) এক বিবৃতিতে সাইফুল হক জানান, শুক্রবার রাতে ভারতের বিহারের পাটনায় ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই বিপ্লবী নেতা। তিনি ক্যান্সারে ভুগছিলেন।

বিবৃতিতে সাইফুল হক বলেন, চারু মজুমদারের মৃত্যুর পর ১৯৭৪ সালে যে তিনজন নেতা সিপিআই-এমএল লিবারেশনকে নতুন ধারায় শ্রেণি ও গণসংগ্রামের ভিত্তিতে পুনর্গঠন করেছিলেন, স্বদেশ ভট্টাচার্য ছিলেন তাদের অন্যতম। পার্টি পুনর্গঠন কমিটির প্রথম সম্পাদক কমরেড জহর হত্যাকাণ্ডের শিকার হন। পরবর্তী সম্পাদক কমরেড বিনোদ মিশ্র ১৯৯৮ সালে মারা যান। এই তিন বিপ্লবী নেতার মধ্যে সর্বশেষ স্বদেশ ভট্টাচার্যও চলে গেলেন।

তিনি বলেন, স্বদেশ ভট্টাচার্য রেখে গেছেন বিপ্লবী মতাদর্শ, শ্রেণি ও গণসংগ্রামের এক অসাধারণ উত্তরাধিকার। গত পাঁচ দশকে সিপিআই-এমএল লিবারেশন ভারতে বিপ্লবী বামপন্থী রাজনীতির অন্যতম প্রধান সংগঠনে পরিণত হয়েছে। ভারতের লোকসভা ও একাধিক রাজ্য বিধানসভায় দলটির প্রতিনিধিত্ব রয়েছে। ইন্ডিয়া জোটের শরিক হিসেবে ভোটাধিকার ও সংবিধান রক্ষার আন্দোলনেও দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

সাইফুল হক আরও বলেন, স্বল্পভাষী ও ব্যতিক্রমধর্মী মানবিক গুণাবলির অধিকারী এই বিপ্লবীর প্রয়াণে লিবারেশন পার্টিসহ ভারতের বিপ্লবী বামপন্থী আন্দোলন অভিভাবকতুল্য এক ব্যক্তিত্বকে হারাল। তার বিপ্লবী জীবন প্রজন্ম থেকে প্রজন্মের রাজনৈতিক কর্মীদের অনুপ্রেরণা জোগাবে।

বাংলাদেশের সঙ্গে স্বদেশ ভট্টাচার্যের সম্পর্কের কথা স্মরণ করে সাইফুল হক বলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সপ্তম ও দশম কংগ্রেসে লিবারেশন পার্টির আমন্ত্রিত প্রতিনিধি দলের নেতা হিসেবে তিনি বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশের মানুষ ও দেশের প্রতি তার গভীর মমতা ও ভালোবাসা ছিল।

বিবৃতিতে সাইফুল হক কমরেড স্বদেশ ভট্টাচার্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং লিবারেশন পার্টির নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।



নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর