ঢাকা | বঙ্গাব্দ

‘জীবনবান্ধব’ বাজেট উপহার দিতে চেয়েছি, জনগণের স্বস্তিই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2026 ইং
‘জীবনবান্ধব’ বাজেট উপহার দিতে চেয়েছি, জনগণের স্বস্তিই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী তারেক রহমান ছবির ক্যাপশন: জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য
ad728

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট একটি ‘জীবনবান্ধব’ বাজেট, যার মূল লক্ষ্য দেশের সব শ্রেণি-পেশার মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনা এবং ভবিষ্যতমুখী অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলা।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, “সরকারি দলের সদস্য হিসেবে আমি এ বাজেটের একটি নাম দিতে চাই—‘জীবনবান্ধব বাজেট’। আমরা এমন একটি বাজেট প্রণয়নের চেষ্টা করেছি, যাতে দেশের প্রতিটি মানুষ কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে।”

প্রধানমন্ত্রী বলেন, অতীতের বিতর্কে আটকে না থেকে এখন দেশের ভবিষ্যৎ নির্মাণে মনোযোগ দেওয়া প্রয়োজন। জনগণ ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক পরিকল্পনা দেখতে চায় বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, সরকার দায়িত্ব গ্রহণের সময় একটি ভঙ্গুর অর্থনীতি, উচ্চ মূল্যস্ফীতি, দুর্নীতি, অর্থপাচার, বিনিয়োগ স্থবিরতা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের মতো বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। এসব সংকট কাটিয়ে অর্থনীতিকে পুনরুদ্ধারে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।

প্রধানমন্ত্রী জানান, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় ৬১টি পণ্যের ওপর থেকে কর প্রত্যাহার করা হয়েছে, যাতে সাধারণ মানুষের ব্যয় কমে এবং বাজারে মূল্যস্থিতি বজায় থাকে। তিনি বলেন, অতীতের মতো বাজেট ঘোষণার পর অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ার ঘটনাও এবার দেখা যায়নি।

তারেক রহমান আরও বলেন, “সংকটকে আমরা অস্বীকার করছি না, আবার এটিকে অজুহাতও বানাতে চাই না। রাজনৈতিক সদিচ্ছা, বাস্তবসম্মত নীতি এবং জনগণের সহযোগিতার মাধ্যমে আমরা অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে চাই।”

তিনি বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পরপরই রমজান মাসে বাজার নিয়ন্ত্রণ এবং মানুষের ক্রয়ক্ষমতা ধরে রাখার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল। একই সঙ্গে দীর্ঘদিনের অর্থনৈতিক দুর্বলতা কাটিয়ে টেকসই প্রবৃদ্ধির ভিত্তি তৈরিতেও সরকার কাজ করছে।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, অতীতে অপরিকল্পিত প্রকল্প গ্রহণ, অর্থপাচার এবং বৈদেশিক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে দেশের অর্থনীতির ওপর বড় চাপ সৃষ্টি হয়েছিল। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা করছে।

এদিন সকাল সাড়ে ১০টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। সমাপনী বাজেট আলোচনায় প্রথমে বিরোধীদলীয় নেতা বক্তব্য দেন। পরে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে সরকারি দলের সদস্যরা টেবিল চাপড়িয়ে তাঁর বক্তব্যের প্রতি সমর্থন ও অভিনন্দন জানান।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক