১৫ আগস্ট উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। নাশকতা, সহিংসতা ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা তৎপরতা জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, ১৫ আগস্ট উপলক্ষে প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে পরিকল্পনা তৈরি করেছে। এর অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
দেশের বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত বা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন কিংবা রাষ্ট্র ও সরকারবিরোধী কোনো মহল যাতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য তাদের গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানায় র্যাব।
র্যাব জানিয়েছে, নিজস্ব নেতৃত্বে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে। বিশেষ প্রয়োজন হলে দায়িত্বপূর্ণ এলাকায় এসএসএফ, স্থানীয় প্রশাসন, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করা হবে।
আগাম তথ্য সংগ্রহ ও গোয়েন্দা কার্যক্রম জোরদারে এলাকাভিত্তিক যোগাযোগকারী, ইনফরমার ও সোর্স নিয়োগ করা হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানস্থলে যাতায়াতের রুটে সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদের মোতায়েন করে নজরদারি করা হচ্ছে। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে রাজনৈতিক কর্মসূচির অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। ১৫ আগস্টের বিভিন্ন অনুষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত বা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী, দুষ্কৃতকারী কিংবা উগ্রবাদী গোষ্ঠীর সদস্যদের অনুপ্রবেশ ঠেকাতেও সতর্কতা নেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার রোধে সাইবার পেট্রোলিংও জোরদার করেছে র্যাব। বিভ্রান্তিকর পোস্ট, মন্তব্য বা ছবি প্রকাশের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
এ ছাড়া কোথাও বিস্ফোরক বা বিস্ফোরকসদৃশ কোনো বস্তু পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নিতে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।
র্যাব বলছে, ১৫ আগস্ট উপলক্ষে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ ও শনাক্ত করা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তারা বদ্ধপরিকর।
সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে র্যাব বলেছে, কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।

কালের দাবি ডেস্ক