ঢাকা | বঙ্গাব্দ

এতিম ও দুস্থ শিশুদের সুরক্ষা ও পুনর্বাসনে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 3, 2026 ইং
এতিম ও দুস্থ শিশুদের সুরক্ষা ও পুনর্বাসনে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত ছবির ক্যাপশন: মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন
ad728

এতিম, দুস্থ ও অবহেলিত শিশুদের সার্বিক সুরক্ষা, শিক্ষা এবং পুনর্বাসন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, এসব শিশুকে উপযুক্ত শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে দেশের সম্পদে পরিণত করাই সরকারের অন্যতম লক্ষ্য।

শুক্রবার (৩ জুলাই) চট্টগ্রামে মহিলা বিষয়ক অধিদপ্তর ও সমাজসেবা অধিদপ্তর পরিচালিত বিভিন্ন শিশু প্রতিষ্ঠান এবং পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এতিম ও অসহায় শিশুদের কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। তাদের জীবনমান উন্নয়ন এবং সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করতে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি এ কাজে সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতাকর্মীদের সহযোগিতার আহ্বান জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, দুস্থ নারী, গর্ভবতী ও অসচ্ছল মায়েদের জন্য পরিচালিত সহায়তা কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে উপকারভোগীদের তালিকা নিয়মিত হালনাগাদ করতে হবে। তিনি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি মাসিক বা ত্রৈমাসিক ভিত্তিতে তালিকা পর্যালোচনার নির্দেশনা দেন। এ ক্ষেত্রে রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় নয়, প্রকৃত প্রয়োজনকেই অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও জানান, মহিলা বিষয়ক অধিদপ্তরের আত্মকর্মসংস্থান কর্মসূচির আওতায় দেওয়া ক্ষুদ্রঋণের পরিশোধ হার বর্তমানে ৮২ শতাংশ। নারীদের এই দায়িত্বশীলতা ও ঋণ পরিশোধের মানসিকতার প্রশংসা করে তিনি আরও বেশি নারীকে এ ধরনের কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সকালে মন্ত্রী চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত রৌফাবাদ সরকারি শিশু পরিবার (বালিকা), ছোটমনি নিবাস এবং মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য পরিচালিত প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তিনি শিশুদের সঙ্গে মতবিনিময় করেন এবং চারজন মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন।

পরে তিনি চট্টগ্রামের রাউজানে প্রস্তাবিত ‘শিশু উন্নয়ন কেন্দ্র (বালক)’ প্রকল্পের স্থান পরিদর্শন করেন। প্রায় দুই একর জমির ওপর আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি।

এছাড়া রাঙ্গুনিয়ার জিয়ানগরে অবস্থিত এতিম ও দুস্থ শিশুদের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করে সেখানে একটি গাছের চারা রোপণ করেন এবং প্রশিক্ষণরত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

বিকেলে নগরীর বাকলিয়ায় পরিচালিত ‘বাস্তুহারা শিশু সুরক্ষা কমিউনিটি হাব’ পরিদর্শন করে পথশিশু ও বাস্তুহারা শিশুদের সঙ্গে সময় কাটান মন্ত্রী। এ সময় তাদের মাঝে নতুন পোশাক ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

একই দিনে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সনদপত্র, নিবন্ধিত মহিলা সমিতিগুলোর মধ্যে অনুদানের চেক এবং ১০ জন নারী উদ্যোক্তার হাতে ক্ষুদ্রঋণের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং মহিলা বিষয়ক ও সমাজসেবা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
কালের দাবি ডেস্ক

কালের দাবি ডেস্ক

টানা ৬ বিশ্বকাপে গোলের অবিশ্বাস্য বিশ্বরেকর্ড রোনালদোর, পর্ত

টানা ৬ বিশ্বকাপে গোলের অবিশ্বাস্য বিশ্বরেকর্ড রোনালদোর, পর্ত