ঢাকা | বঙ্গাব্দ

জাতিসংঘের মহাসচিব নির্বাচনে ৯ দফা ভোটেও সমঝোতা হয়নি, আলোচনায় দুই নারী প্রার্থী

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 21, 2026 ইং
জাতিসংঘের মহাসচিব নির্বাচনে ৯ দফা ভোটেও সমঝোতা হয়নি, আলোচনায়  দুই নারী প্রার্থী ছবির ক্যাপশন: জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে রয়েছেন কোস্টারিকার কূটনীতিক রেবেকা গ্রিনস্প্যান ও আরব আমিরাতের কূটনীতিক লানা নুসেইবেহ। ফাইল ছবি: রয়টার্স
ad728

জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন, তা নিয়ে অচলাবস্থা এখনো কাটেনি। সংস্থাটির নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের মধ্যে কোনো প্রার্থীকে নিয়ে ঐকমত্য না হওয়ায় নির্বাচনপ্রক্রিয়া দীর্ঘ হচ্ছে। নবম দফার অনানুষ্ঠানিক ভোটেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নিরাপত্তা পরিষদ।

দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ অনুযায়ী, মহাসচিব নির্বাচিত হওয়ার দৌড়ে এখনো এগিয়ে রয়েছেন কোস্টারিকার কূটনীতিক রেবেকা গ্রিনস্প্যান। শুক্রবারের ভোটে তিনি ১০টি সমর্থনসূচক ভোট পেয়েছেন। তবে নির্বাচিত হতে হলে নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীনের সমর্থন প্রয়োজন। এই পাঁচ দেশের কোনো একটির বিরোধিতা বা ভেটো থাকলে প্রার্থী নির্বাচিত হতে পারবেন না।

সর্বশেষ ভোটে স্থায়ী পাঁচ সদস্যের মধ্যে দুটি দেশ গ্রিনস্প্যানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ধারণা করা হচ্ছে, দেশ দুটি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। তাদের আপত্তি কাটিয়ে উঠতে পারলে গ্রিনস্প্যান জাতিসংঘের প্রথম নারী মহাসচিব হওয়ার সুযোগ পাবেন।


বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের উত্তরসূরি নির্বাচনে ১০০ দিনের বেশি সময় ধরে ভোট চলছে। এই প্রক্রিয়া জাতিসংঘের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মহাসচিব নির্বাচনপ্রক্রিয়া হিসেবে বিবেচিত হচ্ছে।

গুতেরেসের দ্বিতীয় মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হবে। নতুন মহাসচিব নির্বাচন করতে আগামী সপ্তাহে আবার ভোট হওয়ার কথা রয়েছে।


সর্বশেষ ভোটে দ্বিতীয় অবস্থানে রয়েছেন আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি। তিনি আটটি সমর্থনসূচক ভোট পেয়েছেন। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের মধ্যে তিনটি দেশ তাঁর বিরুদ্ধে অসমর্থনসূচক ভোট দিয়েছে।

দেরিতে মহাসচিব পদে প্রার্থিতা ঘোষণা করেন সংযুক্ত আরব আমিরাতের কূটনীতিক লানা নুসেইবেহ। তিনি সাতটি সমর্থনসূচক ভোট পেয়েছেন। কিন্তু স্থায়ী পাঁচ সদস্যের মধ্যে তিনটি দেশের বিরোধিতা থাকায় তাঁর নির্বাচিত হওয়ার সম্ভাবনা কঠিন বলে মনে করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও রাশিয়া প্রকাশ্যে নুসেইবেহর প্রতি সমর্থন জানিয়েছে। বিভিন্ন সূত্রের ধারণা, যুক্তরাজ্য, ফ্রান্স ও চীন তাঁর প্রার্থিতার পথে বাধা হয়ে রয়েছে।


সুদানের ভয়াবহ সংঘাতে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্টতার অভিযোগের কারণে লানা নুসেইবেহর প্রার্থিতা নিয়ে বিতর্ক রয়েছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডকে লেখা এক চিঠিতে প্রায় ৭০ জন পার্লামেন্ট সদস্য নুসেইবেহকে ‘বিশ্বাসযোগ্য প্রার্থী’ নন বলে উল্লেখ করেছেন। তাঁদের অভিযোগ, সুদানে নৃশংসতার সঙ্গে আমিরাতের সংশ্লিষ্টতা নিয়ে জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলের প্রতিবেদনগুলো নুসেইবেহ বারবার অস্বীকার ও খারিজ করেছেন।

জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেল ও মানবাধিকার সংগঠনগুলোর বিভিন্ন প্রতিবেদনে সুদানের আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) ভাড়াটে যোদ্ধা নিয়োগে সহায়তা এবং অস্ত্র সরবরাহের অভিযোগ সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে তোলা হয়েছে।

জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিবেদনে আরএসএফের বিরুদ্ধে দারফুরে গণহত্যার অভিযোগও রয়েছে। তবে সুদানের সংঘাতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে সংযুক্ত আরব আমিরাত।

গুতেরেসের মেয়াদ শেষ হওয়ার আগে নতুন মহাসচিব নির্বাচন নিয়ে নিরাপত্তা পরিষদকে ঐকমত্যে পৌঁছাতে হবে। স্থায়ী পাঁচ সদস্যের মতবিরোধ কাটিয়ে পরবর্তী ভোটে কোনো প্রার্থী এগিয়ে আসতে পারেন কি না, এখন সেটিই দেখার বিষয়।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নফাঁস ও অব্যবস্থাপনায় ক্ষুব্ধ সা

সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নফাঁস ও অব্যবস্থাপনায় ক্ষুব্ধ সা