ঢাকা | বঙ্গাব্দ

যুদ্ধ, ব্যয় বৃদ্ধি ও ভবিষ্যৎ অনিশ্চয়তা: ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 21, 2026 ইং
যুদ্ধ, ব্যয় বৃদ্ধি ও ভবিষ্যৎ অনিশ্চয়তা: ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ ছবির ক্যাপশন: সামরিক ব্যয় বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় ও শিক্ষা-আবাসন সংকটের প্রতিবাদে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ করেন তরুণেরা। ছবি: এএফপি
ad728

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সামরিক খাতে বরাদ্দ বাড়ানো, শিক্ষা ও আবাসন সংকট এবং জলবায়ু পরিবর্তনের উদ্বেগ নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ করেছেন তরুণেরা। গত শুক্রবার ইতালি, জার্মানি, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যের বিভিন্ন শহরে রাজপথে নামেন তাঁরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারগুলো ভূরাজনৈতিক সংকট ও সামরিক প্রস্তুতিকে বেশি গুরুত্ব দিতে গিয়ে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ এবং মৌলিক চাহিদা উপেক্ষা করছে। শিক্ষা, আবাসন ও তরুণদের কল্যাণে প্রয়োজনীয় বিনিয়োগ না বাড়িয়ে বড় ব্যবসাপ্রতিষ্ঠান ও সামরিক খাতে অর্থ ব্যয় করা হচ্ছে।

৫০টির বেশি সংগঠনের সমন্বয়ে গঠিত তরুণদের একটি জোট এই বিক্ষোভের আয়োজন করে। কর্মসূচিতে গাজায় ইসরায়েলের যুদ্ধ, বাড়িভাড়া বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠানের অবনতিশীল পরিবেশ এবং ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়ে উদ্বেগও উঠে আসে।

বিক্ষোভে অংশ নেওয়া অনেকের হাতে ছিল ‘আমাদের ভবিষ্যতের জন্য লড়াই করো’ লেখা প্ল্যাকার্ড। কোথাও আতশবাজি জ্বালানো হয়, কোথাও ট্যাংকের কার্ডবোর্ডের প্রতিকৃতি পুড়িয়ে সামরিকীকরণের প্রতিবাদ জানানো হয়।


ইতালির মিলানে বিক্ষোভে অংশ নেওয়া ১৮ বছর বয়সী মাধ্যমিক শিক্ষার্থী অলিভিয়া ফেরারি এএফপিকে বলেন, রাস্তায় নেমে তরুণেরা তাঁদের প্রাণশক্তি ও দৃঢ়সংকল্প প্রকাশ করছেন। তিনি বলেন, ‘সরকার যদি আমাদের কথা না শোনে, তাহলে আমরা নীরব থাকতে পারি না।’

মিলানের বিক্ষোভে কয়েক হাজার মানুষ অংশ নেন। ইউরোপের বিভিন্ন দেশে সাম্প্রতিক বিক্ষোভে সহিংসতার ঘটনা ঘটায় শুক্রবার কর্মসূচি ঘিরে কয়েকটি শহরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।


সুইজারল্যান্ডে বিক্ষোভের আয়োজকদের দাবি, দেশজুড়ে ৪০ হাজারের বেশি মানুষ কর্মসূচিতে অংশ নেন। লুসান শহরের একটি ব্যানারে লেখা ছিল, ‘কৃচ্ছ্রসাধন সামাজিক সহিংসতা’। আরেকটি ব্যানারে ধনীদের সম্পদ ও ভোগের বিরুদ্ধে প্রতিবাদী বক্তব্য তুলে ধরা হয়।

সুইজারল্যান্ডের বার্তা সংস্থা কিস্টোন—এটিএসের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভের বেশির ভাগই শান্তিপূর্ণ ছিল। তবে একটি কর্মসূচি শেষ হওয়ার পর অল্পসংখ্যক বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করা হয়।


জার্মানির রাজধানী বার্লিনে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন। তাঁদের উদ্বেগের অন্যতম কারণ দেশটির দ্রুত সামরিক শক্তি বৃদ্ধি। এতে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ চালু হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে বলে মনে করছেন তাঁরা।

গত বছর উচ্চমাধ্যমিক শেষ করা ১৮ বছর বয়সী হেলেনা কোসাটজ এএফপিকে বলেন, ‘কাউকে যুদ্ধ করা ও মানুষ হত্যা করতে শেখাতে বাধ্য করা এবং এরপর তাঁকে যুদ্ধে পাঠানো কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলে আমি মনে করি।’

রাশিয়ার হুমকি মোকাবিলায় ইউরোপ যখন সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে, তখন বিক্ষোভকারীরা বলছেন, সামরিক খাতে বাড়তি অর্থ ব্যয় না করে তা শিক্ষা, তরুণদের জন্য নীতি প্রণয়ন এবং আবাসন খাতে বিনিয়োগ করা উচিত।


যুক্তরাজ্যের লন্ডনে পার্লামেন্ট ভবনের বাইরে ও কাছের ট্রাফালগার স্কয়ারে কয়েক শ বিক্ষোভকারী জড়ো হন। তাঁদের মধ্যে কয়েকজন স্কুলের পোশাক পরেছিলেন। হাতে ছিল ‘উচ্চশিক্ষা বাঁচাও’ এবং ‘তাদের যুদ্ধ নয়, আমাদের ভবিষ্যতের জন্য লড়াই করো’ লেখা প্ল্যাকার্ড।

কলেজ থেকে এক দিনের ছুটি নিয়ে বিক্ষোভে অংশ নেওয়া এলিজ বলেন, ‘আমি অনেকটাই আশা হারিয়ে ফেলেছি।’

১৮ বছর বয়সী এই তরুণী জানান, অর্থের অভাবে বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন কি না, তা নিয়ে তিনি অনিশ্চিত। এর পাশাপাশি চাকরির বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়েও তাঁর উদ্বেগ রয়েছে। তিনি বলেন, ‘বেশির ভাগ চাকরিই এআইয়ের দখলে চলে যাচ্ছে। সবার মধ্যেই যেন বিষণ্নতা আরও বাড়ছে।’

লন্ডনের বিক্ষোভে ডানপন্থী ও ফ্যাসিবাদবিরোধী কয়েকটি দলের বিক্ষোভকারীদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষ হয়। এএফপি কয়েকজনকে গ্রেপ্তার হতে দেখেছে। সেখানে ‘ফিলিস্তিন চিরকাল বেঁচে থাকবে’ স্লোগানও শোনা যায়। ইউরোপের কয়েকটি বিক্ষোভে ফিলিস্তিনের পতাকা দেখা গেছে।


ইতালির রাজধানী রোমে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা একটি ব্যানার নিয়ে মিছিল করেন। তাতে লেখা ছিল, ‘কেউ আমাদের স্বাধীনতা না দিলে আমরা তা ছিনিয়ে নেব—সরকার, যুদ্ধ ও জীবনযাত্রার উচ্চব্যয়ের বিরুদ্ধে।’

রোমেও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় কয়েকজন বিক্ষোভকারী পুলিশের দিকে বোতল ও ধোঁয়া সৃষ্টিকারী বোমা ছুড়ে মারেন।

স্পেনের রাজধানী মাদ্রিদে বিক্ষোভকারীরা শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানান। একই সঙ্গে সামরিক খাতে ব্যয় বৃদ্ধির সমালোচনা করেন তাঁরা।

১৬ বছর বয়সী উচ্চমাধ্যমিক শিক্ষার্থী গ্যাব্রিয়েলা হিমেনো সেরানো বলেন, তাঁদের শ্রেণিকক্ষে ৩৩ জন শিক্ষার্থী থাকলেও শিক্ষক মাত্র একজন। শ্রেণিকক্ষগুলো ছোট এবং সুযোগ-সুবিধার অবস্থা শোচনীয়। কিছু স্কুলে ইঁদুর ও তেলাপোকার উপদ্রবও রয়েছে বলে জানান তিনি।


শ্রমিক ইউনিয়ন ও আবাসন সংগঠনগুলো আরও বিক্ষোভের ডাক দেওয়ায় সপ্তাহান্তেও ইউরোপের বিভিন্ন দেশে কর্মসূচি অব্যাহত থাকার কথা রয়েছে।

ফ্রান্সের ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীর কাছাকাছি সময়ে ইউরোপজুড়ে এই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। ২০১৮ ও ২০১৯ সালে ওই আন্দোলন প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সরকারকে বড় ধরনের চাপে ফেলেছিল। শনিবার ফ্রান্সেও বিক্ষোভের পরিকল্পনা রয়েছে।

ইউরোপের বিভিন্ন দেশের তরুণদের এই আন্দোলন আংশিকভাবে ফ্রান্সের সাম্প্রতিক বিক্ষোভ থেকে অনুপ্রাণিত। গত সেপ্টেম্বরের মাঝামাঝি ফ্রান্সে উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার পরিবেশ উন্নত করার দাবিতে আন্দোলন শুরু করেন। পরে তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অপর্যাপ্ত সরকারি সেবা ও পুলিশের আচরণের বিরুদ্ধে আন্দোলন ব্যাপক আকার নেয়। ওই বিক্ষোভ কোনো কোনো সময় সহিংস হয়ে ওঠে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সীমান্তে পুশইন: বিজেপি সরকারের পর বাংলাদেশবিরোধী তৎপরতা বেড়ে

সীমান্তে পুশইন: বিজেপি সরকারের পর বাংলাদেশবিরোধী তৎপরতা বেড়ে