ঢাকা | বঙ্গাব্দ

হুতিদের বিরুদ্ধে ১ লাখ ইয়েমেনি সেনা নিয়ে অভিযানের পরিকল্পনা সৌদির

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 3, 2026 ইং
হুতিদের বিরুদ্ধে ১ লাখ ইয়েমেনি সেনা নিয়ে অভিযানের পরিকল্পনা সৌদির ছবির ক্যাপশন: লোহিত সাগর উপকূলজুড়ে হুতিদের অগ্রযাত্রায় আনন্দ প্রকাশ করে সশস্ত্র গোষ্ঠীটির সমর্থকদের মিছিল। সানা, ইয়েমেন
ad728

ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। এ অভিযানে নেতৃত্ব দিতে পারে ইয়েমেনের সরকারি বাহিনী, আর তাদের সহায়তায় সৌদি আরব বিমান হামলা চালাতে পারে। অভিযানের পরিকল্পনা সম্পর্কে অবগত আঞ্চলিক ও পশ্চিমা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

পরিকল্পনা অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহের মধ্যে অভিযান শুরু হতে পারে। অভিযানের ব্যাপ্তির ওপর নির্ভর করে এতে এক লাখের বেশি ইয়েমেনি সেনা মোতায়েন করা হতে পারে। সৌদি আরবের পাশাপাশি যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশও সৌদিকে মূলত প্রতিরক্ষামূলক সামরিক সহায়তা দিচ্ছে বলে জানা গেছে।

হুতিদের সাম্প্রতিক অগ্রযাত্রা ঠেকানো এবং লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করাই সৌদি পরিকল্পনার অন্যতম লক্ষ্য। গত মাসে লোহিত সাগরের উপকূল ধরে অগ্রসর হয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণ নেয় হুতিরা বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সৌদি আরবের অভিযানের জন্য দুটি সম্ভাব্য বিকল্প বিবেচনা করা হচ্ছে। একটি হলো বাব আল-মানদেব প্রণালির আশপাশে সীমিত সামরিক অভিযান। অন্যটি হলো ইয়েমেনের একাধিক এলাকায় একযোগে বিস্তৃত অভিযান। সম্ভাব্য লক্ষ্য এলাকার মধ্যে আল-বায়দা, মারিব, তাইজ ও আল-জাওফ প্রদেশের নাম রয়েছে।

বাব আল-মানদেব প্রণালি লোহিত সাগরের দক্ষিণ প্রান্তের গুরুত্বপূর্ণ প্রবেশপথ। ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের মধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে এ নৌপথের কৌশলগত গুরুত্ব রয়েছে। হরমুজ প্রণালির পরিস্থিতি জটিল হয়ে পড়ায় বাব আল-মানদেবের গুরুত্ব আরও বেড়েছে।

২০১৫ সালে ইয়েমেনের গৃহযুদ্ধে সৌদি আরব সরাসরি সামরিকভাবে জড়িয়ে পড়ে। রাজধানী সানা থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে হুতিরা উৎখাত করার পর সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক অভিযান শুরু করেছিল। ২০২২ সালে সংঘাতরত পক্ষগুলোর মধ্যে যুদ্ধবিরতি হলেও সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রভাবে ইয়েমেনের পরিস্থিতি আবার অবনতি হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সৌদি আরব এখন এমন একটি অভিযান চায়, যার মাধ্যমে উপকূলীয় এলাকাগুলোর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার এবং লোহিত সাগরে স্বাভাবিক জাহাজ চলাচল নিশ্চিত করা যায়। তবে অভিযানটির সুনির্দিষ্ট সময় ও পরিসর এখনো চূড়ান্ত হয়নি। ফলে ইয়েমেনে নতুন করে বড় ধরনের সংঘাত শুরু হবে কি না, তা এখনো অনিশ্চিত।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত সরকার:

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত সরকার: