ঢাকা | বঙ্গাব্দ

লেবানন থেকে শর্তহীনভাবে সেনা প্রত্যাহারের দাবি হিজবুল্লাহর, উত্তেজনা অব্যাহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 27, 2026 ইং
লেবানন থেকে শর্তহীনভাবে সেনা প্রত্যাহারের দাবি হিজবুল্লাহর, উত্তেজনা অব্যাহত ছবির ক্যাপশন: লেবানন থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ ও শর্তহীন প্রত্যাহারের দাবি জানিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
ad728

লেবানন থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ ও শর্তহীন প্রত্যাহারের দাবি জানিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মুসলমানদের পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক টেলিভিশন ভাষণে হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম বলেন, লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি সেনা উপস্থিতির কোনো বৈধতা নেই এবং তাদের অবশ্যই দেশটি থেকে পুরোপুরি সরে যেতে হবে।

শুক্রবার (২৭ জুন) দেওয়া ভাষণে নাইম কাসেম বলেন, “লেবাননের মাটির প্রতিটি ইঞ্চি থেকে ইসরায়েলি বাহিনীকে সম্পূর্ণ ও শর্তহীনভাবে প্রত্যাহার করতে হবে। এ ছাড়া তাদের সামনে অন্য কোনো বিকল্প নেই।”

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতি আলোচনা নতুন পর্যায়ে প্রবেশের কয়েক ঘণ্টা আগে হিজবুল্লাহ প্রধানের এ বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।

হিজবুল্লাহর দাবি, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারে বাধ্য। তবে ইসরায়েলি কর্মকর্তারা এখনো সীমান্তবর্তী অঞ্চলে সামরিক উপস্থিতি বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছেন।

নাইম কাসেম তার বক্তব্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য “পরাজয়ের আনুষ্ঠানিক স্বীকৃতি” হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, লেবাননের সার্বভৌমত্ব রক্ষায় হিজবুল্লাহ তাদের অবস্থান থেকে সরে আসবে না।

এদিকে, নতুন করে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সহিংসতা কিছুটা কমলেও লেবাননের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্ন হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ আল-ফাওকা এলাকায় বিমান হামলার ঘটনা ঘটেছে। এছাড়া মায়ফাদউন এলাকায় হামলায় অন্তত দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণাঞ্চলীয় মনসুরি এলাকায় লিফলেট ছড়িয়ে বাসিন্দাদের এলাকা ত্যাগের নির্দেশ দিয়েছে। অন্যদিকে, লেবাননের কর্মকর্তারা অভিযোগ করেছেন, সীমান্তবর্তী এলাকায় বেসামরিক নাগরিক ও লেবাননের নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করেও গুলি চালানো হচ্ছে।

অপরদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, আল-মানজালা এলাকায় অস্ত্র পরিবহনের সময় হিজবুল্লাহর সাত সদস্যকে হত্যা করা হয়েছে। এছাড়া বেইত ইয়াহউন এলাকায় সংঘর্ষে দুই কর্মকর্তাসহ চারজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন।

আল জাজিরার বৈরুত প্রতিনিধি জেইনা খোদর জানিয়েছেন, সামগ্রিকভাবে সংঘাতের মাত্রা কিছুটা কমলেও সীমান্তবর্তী এলাকাগুলোতে এখনো সামরিক অভিযান ও হামলা অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স