ঢাকা | বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্রডকাস্টে বাংলাদেশের ‘রইদ’, গড়ল নতুন ইতিহাস

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2026 ইং
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্রডকাস্টে বাংলাদেশের ‘রইদ’, গড়ল নতুন ইতিহাস ছবির ক্যাপশন: দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন মাইলফলক স্পর্শ করল বাংলাদেশের চলচ্চিত্র ‘রইদ’
ad728

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন মাইলফলক স্পর্শ করল বাংলাদেশের চলচ্চিত্র ‘রইদ’। ‘হাওয়া’খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন পরিচালিত এই সিনেমা যুক্তরাষ্ট্রের জাতীয় সম্প্রচারমাধ্যম ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর)-এর রিভিউ প্ল্যাটফর্মে নির্বাচিত হয়েছে। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি চলচ্চিত্র যুক্তরাষ্ট্রের এই স্বনামধন্য সম্প্রচারমাধ্যমে আনুষ্ঠানিকভাবে রিভিউয়ের জন্য স্থান পেল।

বর্তমানে ‘রইদ’ চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্র ও কানাডায় পরিবেশন করছে বায়োস্কোপ ফিল্মস। প্রতিষ্ঠানটির উদ্যোগে সিনেমাটি উত্তর আমেরিকার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এবং আন্তর্জাতিক দর্শকদের নজর কাড়ছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের জাতীয় রেডিও সম্প্রচারমাধ্যম এনপিআর-এর সারা দেশে প্রায় এক হাজার স্টেশন রয়েছে। বিশ্বখ্যাত নির্মাতা স্টিভেন স্পিলবার্গসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতাদের কাজ নিয়ে নিয়মিত আলোচনা ও বিশ্লেষণ করে থাকে এই প্ল্যাটফর্ম। সিনেমার বিষয়বস্তু, নির্মাণশৈলী ও প্রাসঙ্গিকতা বিবেচনা করেই তারা রিভিউয়ের জন্য চলচ্চিত্র নির্বাচন করে।

আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে অস্কার, বাফটা এবং অন্যান্য মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কারের মনোনয়ন প্রক্রিয়ায় এ ধরনের আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যমে চলচ্চিত্রের উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, “আমরা প্রতিবছরই একটি বাংলা সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ের স্বীকৃতির জন্য এগিয়ে নেওয়ার চেষ্টা করি। এই পথ সহজ নয়, তবে অসম্ভবও নয়। ‘রইদ’কে যুক্তরাষ্ট্রের জাতীয় রেডিওর মতো প্ল্যাটফর্মে নির্বাচিত হওয়া আমাদের জন্য বড় অর্জন।”

চলচ্চিত্রটির নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, “আমি ভালোবাসা ও মমতা থেকে ‘রইদ’ নির্মাণ করেছি। একটি বাংলাদেশি সিনেমা নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ের একটি সম্প্রচারমাধ্যমে আলোচনা হবে, এটি একজন নির্মাতা হিসেবে নিঃসন্দেহে আনন্দের এবং গর্বের।”

‘রইদ’ সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। এছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন বিশিষ্ট অভিনেতা গাজী রাকায়েত।

বাংলাদেশি চলচ্চিত্রের আন্তর্জাতিক যাত্রায় ‘রইদ’ নতুন একটি অধ্যায়ের সূচনা করল বলে মনে করছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
কাতারের গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১৩, আহত ৬৬

কাতারের গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১৩, আহত ৬৬