যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগের দিন ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সোমবারের এ হামলার খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। আট মাস ধরে চলা ইরান যুদ্ধের অবসানে তেহরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দেওয়ার মধ্যেই এ হামলার ঘটনা ঘটল।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, হরমুজ প্রণালির সবচেয়ে বড় দ্বীপ কেশমে চালানো হামলাটি সাম্প্রতিক সপ্তাহগুলোয় ইরানে যুক্তরাষ্ট্রের গোপনে পরিচালিত সীমিত পরিসরের ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার খবরে বলা হয়েছে, দ্বীপটিতে অল্প সময়ের ব্যবধানে পরপর পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কয়েকজন স্থানীয় বাসিন্দা আকাশে দুটি উড়োজাহাজ দেখেছেন বলেও জানিয়েছেন।
হামলার বিষয়ে জানতে চাইলে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন সংশ্লিষ্ট প্রশ্নগুলো যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কাছে পাঠায়। তবে এ বিষয়ে মন্তব্য জানতে বার্তা সংস্থা এএফপির অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি সেন্টকম।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহ ধরে ইরানে সীমিত পরিসরে হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। কয়েকজন মার্কিন কর্মকর্তা এসব হামলাকে আত্মরক্ষামূলক হিসেবে বর্ণনা করেছেন। তাঁদের দাবি, হরমুজ প্রণালিতে ইরান যেন বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর সুযোগ না পায়, তা নিশ্চিত করতেই এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।
তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে প্রায় পুরোপুরি বন্ধ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র এসব হামলার কথা প্রকাশ্যে জানায়নি। ওয়াশিংটন বড় ধরনের সামরিক অভিযান নতুন করে শুরু করার কোনো ইঙ্গিত দিতে চায় না বলেই এ বিষয়ে নীরবতা বজায় রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগের দিন সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি চুক্তি হতে পারে। যুদ্ধাবস্থা অবসানের সম্ভাব্য সমঝোতা নিয়ে কূটনৈতিক তৎপরতার মধ্যেই কেশম দ্বীপে হামলার খবর সামনে এল।
হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছিল। তবে সংঘাত অবসানে সম্ভাব্য চুক্তির আশায় সোমবার তেলের দাম ৭ শতাংশের বেশি কমে যায়।
আজ মঙ্গলবার, ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

কালের দাবি ডেস্ক