তারকা ফুটবলার ক্রিশ্চিয়ান পুলিসিচকে ছাড়াই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। এই জয়ে ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে মাউরিসিও পচেত্তিনোর দল শুক্রবার সিয়াটেল স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ‘ডি’র ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে যুক্তরাষ্ট্র। ম্যাচের ১১ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। ফোলারিন বালোগুনের আক্রমণ ঠেকাতে গিয়ে আত্মঘাতী গোল করেন অস্ট্রেলিয়ার ডিফেন্ডার ক্যামেরন বার্গেস।
প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন ২১ বছর বয়সী অ্যালেক্স ফ্রিম্যান। একটি সেট-পিস থেকে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ গোল করেন তিনি। শুরুতে অফসাইডের কারণে গোলটি বাতিল হলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সিদ্ধান্তে গোলটি বহাল থাকে। ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারেননি যুক্তরাষ্ট্রের তারকা মিডফিল্ডার ক্রিশ্চিয়ান পুলিসিচ। তবে তার অনুপস্থিতিতেও দলের আক্রমণভাগে কোনো প্রভাব পড়েনি। রিকার্ডো পেপি, ফোলারিন বালোগুন এবং ওয়েস্টন ম্যাককেনিরা দারুণ পারফরম্যান্স উপহার দেন।
অস্ট্রেলিয়া দ্বিতীয়ার্ধে কয়েকটি পরিবর্তন এনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও যুক্তরাষ্ট্রের রক্ষণভাগ ভাঙতে পারেনি। গোলরক্ষক ম্যাট ফ্রিজও আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখান। এই জয়ে দুই ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের সংগ্রহ ছয় পয়েন্ট। ফলে এক ম্যাচ হাতে রেখেই তারা নিশ্চিত করেছে নকআউট পর্বের টিকিট। অন্যদিকে তিন পয়েন্ট নিয়ে কঠিন সমীকরণের সামনে পড়েছে অস্ট্রেলিয়া।
বিশ্বকাপের ইতিহাসে ১৯৩০ সালের পর এই প্রথম টানা দুই ম্যাচ জিতল যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে তারা প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়েছিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে তুরস্কের। অন্যদিকে নকআউটে ওঠার আশা বাঁচিয়ে রাখতে প্যারাগুয়ের বিপক্ষে জয় চাইবে অস্ট্রেলিয়া।
কালের দাবি ডেস্ক