ঢাকা | বঙ্গাব্দ

মালয়েশিয়া সফরে ইতিবাচক বার্তা পেল বাংলাদেশ, তবে ঘরোয়া সংস্কার জরুরি: সাইফুল হক

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 23, 2026 ইং
মালয়েশিয়া সফরে ইতিবাচক বার্তা পেল বাংলাদেশ, তবে ঘরোয়া সংস্কার জরুরি: সাইফুল হক ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরকে একটি ‘শুভেচ্ছা সফর’ হিসেবে উল্লেখ করে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, এই সফর দুই দেশের সম্পর্ককে আরও উষ্ণ ও আন্তরিক করেছে। তবে বিদেশি বিনিয়োগ ও অর্থনৈতিক অগ্রগতির জন্য দেশের ভেতরে রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসন এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দিয়েছেন তিনি।

কালের দাবিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে সাইফুল হক বলেন, প্রধানমন্ত্রী মাত্র ১৮ থেকে ১৯ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে মালয়েশিয়া গেলেও সফরটি কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, চীন সফরের পথে মালয়েশিয়াকে বেছে নেওয়া একটি বিচক্ষণ সিদ্ধান্ত এবং এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পেতে পারে। তিনি বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক সম্পর্ক বজায় রাখার স্পষ্ট বার্তা দিয়েছেন। বিশেষ করে রোহিঙ্গা সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে মালয়েশিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশের পাশে অবস্থান করছে।

সাইফুল হকের মতে, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, আসিয়ানভুক্ত দেশগুলোর সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক সমর্থন আদায়ে মালয়েশিয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শ্রমবাজারে দুর্নীতি ও মানবপাচার নিয়ে উদ্বেগ:

মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিগুলোর বড় একটি অংশ দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত। অতিরিক্ত অর্থ আদায়, প্রতিশ্রুত চাকরি না পাওয়া এবং বিদেশে গিয়ে মানবেতর জীবনযাপনের শিকার হওয়ার মতো অসংখ্য ঘটনা ঘটছে।

তিনি অভিযোগ করেন, কিছু রিক্রুটিং এজেন্সি এবং সংশ্লিষ্ট সরকারি মহলের মধ্যে একটি ‘অশুভ জোট’ রয়েছে, যার ফলে শ্রমিকদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত অর্থ বিভিন্ন পর্যায়ে ভাগ-বাটোয়ারা হয়।

সাইফুল হক বলেন, “বিদেশে শ্রমিক পাঠানোর আগে দেশের রিক্রুটিং ব্যবস্থায় সংস্কার এবং দুর্নীতি বন্ধ করা জরুরি। অন্যথায় ভবিষ্যতে আরও বড় সংকট তৈরি হতে পারে।”

বিদেশি বিনিয়োগে রাজনৈতিক স্থিতিশীলতার ওপর জোর:

বিদেশি বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, শুধুমাত্র বিদেশি বিনিয়োগ এলেই রাতারাতি অর্থনৈতিক উন্নয়ন বা কর্মসংস্থানের বিস্ফোরণ ঘটবে—এমন ধারণা বাস্তবসম্মত নয়।

তার মতে, বাংলাদেশের নিজস্ব উদ্যোক্তারা এখনো পর্যাপ্ত আস্থার সঙ্গে বিনিয়োগ করতে পারছেন না। এর প্রধান কারণ রাজনৈতিক অনিশ্চয়তা এবং নীতিগত অস্থিরতা।

তিনি বলেন, “জাতীয় অর্থনৈতিক স্বার্থের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ন্যূনতম সমঝোতা প্রয়োজন। বিনিয়োগকারীরা স্থিতিশীল পরিবেশ ছাড়া বিনিয়োগে আগ্রহী হন না।”

‘দুর্বৃত্ত অর্থনীতি’ ভাঙার আহ্বান:

সাইফুল হক অভিযোগ করেন, দেশের অর্থনীতি ও রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ এখনো দুর্বৃত্ত গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, বিভিন্ন খাতে দুর্নীতিবাজ ব্যবসায়ী ও রাজনীতিকদের একটি অশুভ জোট এখনো বহাল রয়েছে।

তার ভাষায়, “শেকড়ে হাত না দিলে শুধু বড় বড় উন্নয়নের কথা বলে কোনো লাভ হবে না। দুর্বৃত্ত অর্থনীতি ও দুর্বৃত্ত রাজনীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।”

তিনি আরও বলেন, দেশের ব্যাংকিং খাত, আর্থিক প্রতিষ্ঠান এবং বিনিয়োগ পরিবেশকে আস্থাশীল করতে কঠোর ও কখনো কখনো অজনপ্রিয় সিদ্ধান্তও নিতে হতে পারে।

সন্ত্রাসবাদ ও উগ্রবাদের ঝুঁকি নিয়ে মন্তব্য:

সন্ত্রাসবাদ দমন ও সহযোগিতা বিষয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে হওয়া সমঝোতার প্রসঙ্গ টেনে সাইফুল হক বলেন, গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ ও চরমপন্থার উত্থান নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে নানা ধরনের আলোচনা ও প্রচারণা রয়েছে।

তিনি বলেন, ধর্মের নামে সহিংসতা, মাজার ভাঙচুর ও সামাজিক বিভাজনের ঘটনাগুলো দেশের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। একইসঙ্গে এসব বিষয়কে আন্তর্জাতিকভাবে অতিরঞ্জিত করেও উপস্থাপন করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

তার মতে, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সন্ত্রাসবাদবিরোধী সহযোগিতা এই প্রেক্ষাপটেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সরকারের সামনে বড় চ্যালেঞ্জ:

সাইফুল হক বলেন, নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানুষের প্রত্যাশা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করা।

তিনি বলেন, “অনেক ক্ষেত্রে সরকারকে কঠিন ও অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে হবে। এতে কেউ কেউ অসন্তুষ্ট হতে পারেন, কিন্তু দেশের ভবিষ্যৎ, বিনিয়োগ ও কর্মসংস্থানের স্বার্থে সেই ঝুঁকি নিতে হবে।”

তিনি সতর্ক করে বলেন, প্রয়োজনীয় সংস্কার কার্যকরভাবে বাস্তবায়ন করা না গেলে উন্নয়ন ও বিনিয়োগের প্রত্যাশা পূরণ হবে না।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আসুন আমরা সকলে মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি: প্রবাসী

আসুন আমরা সকলে মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি: প্রবাসী