ঢাকা | বঙ্গাব্দ

মাদক মামলার দ্রুত বিচারে ট্রাইব্যুনাল, সাইবার স্পেসে জুয়া নিয়ন্ত্রণে সংসদে দুটি পৃথক বিল উত্থাপন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 28, 2026 ইং
মাদক মামলার দ্রুত বিচারে ট্রাইব্যুনাল, সাইবার স্পেসে জুয়া নিয়ন্ত্রণে সংসদে দুটি পৃথক বিল উত্থাপন ছবির ক্যাপশন: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬
ad728

মাদক সংক্রান্ত মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে পৃথক ট্রাইব্যুনাল গঠন এবং সাইবার স্পেসে জুয়া প্রতিরোধে নতুন আইন প্রণয়নের উদ্যোগের অংশ হিসেবে জাতীয় সংসদে দুটি পৃথক বিল উত্থাপন করা হয়েছে।

শনিবার জাতীয় সংসদে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিল দুটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬’ বিলটি উত্থাপন করেন। বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কিত বিবৃতিতে তিনি বলেন, দেশে মাদকাসক্তি ও মাদক-সংশ্লিষ্ট অপরাধ বৃদ্ধি পাওয়ায় বিদ্যমান আদালতগুলোতে মামলার চাপ বেড়েছে। ফলে এসব মামলার বিচার কার্যক্রম সম্পন্ন হতে দীর্ঘ সময় লাগছে।

এ পরিস্থিতি মোকাবিলায় মাদকপ্রবণ এলাকাগুলোতে পৃথক মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার বিধান যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে মাদক সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

বিলে আরও উল্লেখ করা হয়েছে, সাইবার স্পেসে সংঘটিত মাদক অপরাধ দমনে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিশেষ অভিযান পরিচালনার সুযোগ রাখা হয়েছে। এছাড়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম শক্তিশালী করতে তাদের জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রাধিকার এবং ডগ স্কোয়াড গঠনের বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে।

অন্যদিকে, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ‘সাইবার নিরাপত্তা (সংশোধন) আইন, ২০২৬’ বিলটি সংসদে উত্থাপন করেন। এ বিলে বিদ্যমান সাইবার নিরাপত্তা আইনের ধারা-২০ বাতিলের প্রস্তাব করা হয়েছে।

বিলের ব্যাখ্যায় মন্ত্রী জানান, বর্তমান সাইবার নিরাপত্তা আইনের ধারা-২০-এ সাইবার স্পেসে জুয়া ও বেটিং-সংক্রান্ত অপরাধ এবং শাস্তির বিধান রয়েছে। তবে, জুয়া ও বেটিং-সংক্রান্ত অপরাধ প্রতিরোধে আরও বিস্তারিত ও সুনির্দিষ্ট আইন প্রণয়নের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ নামে নতুন একটি আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে।

এই নতুন আইন কার্যকর হলে জুয়া-সংক্রান্ত বিষয়গুলো আলাদাভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ফলে সাইবার নিরাপত্তা আইন থেকে জুয়া-সংক্রান্ত ধারা-২০ বিলুপ্ত করার প্রস্তাব করা হয়েছে।

সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে আইনগত কাঠামো আরও কার্যকর ও আধুনিক করতে এ দুটি বিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটি’র

‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটি’র