ঢাকা | বঙ্গাব্দ

রাতের আগুনে মৃত্যুপুরী কলকাতার হোটেল, নিহতদের অধিকাংশই বাংলাদেশি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 19, 2026 ইং
রাতের আগুনে মৃত্যুপুরী কলকাতার হোটেল, নিহতদের অধিকাংশই বাংলাদেশি ছবির ক্যাপশন: কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অন্তত আটজন বাংলাদেশি বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ad728


ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অন্তত আটজন বাংলাদেশি বলে কলকাতায় বাংলাদেশ মিশনের কর্মকর্তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন। তবে নিহতদের পরিচয় পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করা হচ্ছে।

কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে অবস্থিত শিখা ইন হোটেলে মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে আগুন লাগে।

কলকাতা পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর হোটেল প্রাঙ্গন থেকে অন্তত ৬০ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে নয়জনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছিল। ওই নয়জনের মধ্যে দুইজন নারী ও একটি শিশু ছিল। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতদের বেশিরভাগই বাংলাদেশি নাগরিক। কলকাতায় বাংলাদেশ মিশনের কর্মকর্তারাও জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে অন্তত আটজন বাংলাদেশি রয়েছেন। তবে পরিচয় যাচাইয়ের কাজ এখনো চলছে।

এর আগে হোটেল মালিক সমিতির পক্ষ থেকে নিহতদের সবাই বাংলাদেশি বলে জানানো হয়েছিল। তবে বাংলাদেশ মিশন আনুষ্ঠানিকভাবে এখনো নিহতদের পূর্ণ পরিচয় নিশ্চিত করেনি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হোটেলটির চার তলা থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। প্রাথমিকভাবে এয়ার কন্ডিশনিং ব্যবস্থায় বিস্ফোরণের কারণে আগুন লাগার আশঙ্কার কথা বলা হলেও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আগুন লাগার খবর পেয়ে প্রথমে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে স্থানীয় একটি দুর্যোগ ব্যবস্থাপনা দলও উদ্ধারকাজে যোগ দেয়।

সংবাদ সংস্থা এএনআই ফায়ার সার্ভিসের বরাত দিয়ে জানিয়েছে, নিহতরা চিকিৎসার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে কলকাতায় গিয়েছিলেন। তবে নিহতদের জাতীয়তা ও পরিচয় যাচাইয়ের কাজ শেষ হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনায় আহত আরও কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ এবং হোটেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।



নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ৫

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ৫