ঢাকা | বঙ্গাব্দ

মাচাদোকে ছাড়াই ভেনেজুয়েলায় ক্ষমতা হস্তান্তরের আলোচনা শুরু হচ্ছে

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
মাচাদোকে ছাড়াই ভেনেজুয়েলায় ক্ষমতা হস্তান্তরের আলোচনা শুরু হচ্ছে ছবির ক্যাপশন: ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো। ছবি: সংগৃহীত
ad728


আন্তর্জাতিক ডেস্ক | কালের দাবি

যুক্তরাষ্ট্রের সমর্থনে ভেনেজুয়েলায় ক্ষমতা হস্তান্তর নিয়ে রাজনৈতিক সংলাপ শুরু হতে যাচ্ছে। তবে শান্তিতে নোবেলজয়ী বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো আলোচনায় অংশ না নেওয়ায় প্রক্রিয়াটি নিয়ে তাঁর সমর্থকদের মধ্যে সংশয় দেখা দিয়েছে।

শনিবার (১ আগস্ট) থেকে এই রাজনৈতিক সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে। অন্যদিকে দেশটির বামপন্থী রাজনৈতিক শক্তিগুলোও আলোচনার প্রক্রিয়া নিয়ে অবিশ্বাস প্রকাশ করেছে। তাদের অভিযোগ, চলতি মাসের শুরুতে ঘোষণা দেওয়া এই আলোচনায় শুধু ওয়াশিংটনের অনুমোদিত প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আলোচনায় গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন, ভোটার ব্যবস্থার উন্নয়ন এবং রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পাবে।

আলোচনা শুরুর আগে ভেনেজুয়েলার দুই রাজনৈতিক পক্ষই বিক্ষোভ করেছে। রাজধানী কারাকাসের পূর্বাঞ্চলের একটি সবুজ এলাকায় মঙ্গলবার মাচাদোর প্রায় ৩০০ সমর্থক বিক্ষোভ করেন। তারা জনগণের ভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণের দাবি জানান।

সাবেক আইনপ্রণেতা ৭৪ বছর বয়সী উইলিয়ামস দাভিলা বলেন, জনগণ আশা করছে দেশটি অবাধ ও গণতান্ত্রিক নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারবে।

এর আগে জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাহিনী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে পড়ে। এরপর মাদুরো সরকারের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দেশ পরিচালনা করছেন এবং যুক্তরাষ্ট্রের নিবিড় নজরদারির মধ্যে রয়েছেন।

নির্বাসিত বিরোধী নেতা গঞ্জালেস উরুতিয়ার রাজনৈতিক মিত্র মাচাদো ভেনেজুয়েলায় ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে আসন্ন রাজনৈতিক সংলাপে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি।

নোবেলজয়ী এই বিরোধী নেতা জানিয়েছেন, তিনি সংলাপ শুরুর বিরোধী নন, তবে এতে অংশ নেবেন না।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল পুরস্কার উপহার দেওয়ার সিদ্ধান্তও মাচাদোর দেশে ফেরার পথ সহজ করতে পারেনি। কিছু বিশ্লেষকের ধারণা, ওয়াশিংটন এ বিষয়ে বাধা দিয়েছে। তবে ট্রাম্প প্রশাসন এ অভিযোগ অস্বীকার করেছে।

ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের প্রভাবাধীন অঞ্চল হিসেবে বিবেচনা করা ট্রাম্প দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের প্রতি একাধিকবার সন্তুষ্টি প্রকাশ করেছেন।

উল্লেখ্য, গত মাসে ভয়াবহ ভূমিকম্পে ভেনেজুয়েলায় ৫ হাজার ৫০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে। এর আগেও দেশটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতার মধ্যে ছিল।



নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কলেজ ছাত্রকে কুপিয়ে জখম