ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৬ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় এ ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে মিন্দানাও দ্বীপের সারাঙ্গানি এলাকার প্রায় ২১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তি হয়।
ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৫ দশমিক ৭ কিলোমিটার গভীরে। গভীরতায় উৎপন্ন হওয়ায় এর প্রভাব তুলনামূলকভাবে বিস্তৃত এলাকায় অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, ভূমিকম্পের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
উল্লেখ্য, এর মাত্র তিন সপ্তাহেরও কম সময় আগে একই অঞ্চলে সংঘটিত একটি শক্তিশালী ভূমিকম্পে ৮০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। ফলে নতুন এই ভূমিকম্পের পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কালের দাবি ডেস্ক