ঢাকা | বঙ্গাব্দ

রাত আড়াইটা থেকে বৃষ্টি, ঢাকার বিভিন্ন রাস্তায় পানি

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2026 ইং
রাত আড়াইটা থেকে বৃষ্টি, ঢাকার বিভিন্ন রাস্তায় পানি ছবির ক্যাপশন: সকাল পর্যন্ত বৃষ্টি, বিভিন্ন রাস্তায় পানি। সংগৃহীত ছবি
ad728

রাত থেকে সকাল পর্যন্ত থেমে থেমে বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শনিবার দিবাগত রাত আড়াইটার পর থেকে রোববার সকাল পর্যন্ত কখনো হালকা, আবার কখনো অঝোরে বৃষ্টি হয়েছে। এতে নগরীর বিভিন্ন সড়কে পানি জমে দুর্ভোগে পড়েছেন পথচারী ও কর্মজীবীরা।

পুরানা পল্টন, খিলগাঁও কমিউনিটি সেন্টারের সামনে, মালিবাগ রেলগেট বাজার, মৌচাক মোড়, মগবাজার সেঞ্চুরি মোড়, দক্ষিণ মণিপুর মোল্লাপাড়া ও পশ্চিম শ্যাওড়াপাড়া বর্ডার বাজারসহ বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জমেছে। কোথাও কোথাও পানি হাঁটু পর্যন্ত উঠেছে। পানি মাড়িয়েই স্কুল, কলেজ ও কর্মস্থলের উদ্দেশে যেতে দেখা গেছে নগরবাসীকে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর আন্দামান সাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। আবহাওয়া অফিসের একটি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, পরবর্তী সময়ে এটি গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে। তবে সম্ভাব্য প্রভাব ভারতের ওডিশা ও অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে বেশি হতে পারে।

আজ ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।

এর আগে দেশের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহও বয়ে গেছে। গতকাল দেশের ১২ জেলায় তাপপ্রবাহ ছিল। এর আগে মঙ্গল ও বুধবার টানা দুই দিন দেশের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। ওই দিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য কয়েকটি বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে।

ফলে চলমান বৃষ্টির পাশাপাশি আগামী কয়েক দিনে দেশের আবহাওয়ায় আরও পরিবর্তন আসতে পারে। ঢাকায় এরই মধ্যে বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ায় নগরবাসীর চলাচলে ভোগান্তি তৈরি হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সীতাকুণ্ডে ৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন

সীতাকুণ্ডে ৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন