ঢাকা | বঙ্গাব্দ

১৬ বছর পর্যন্ত শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা তৈরিতে হাইকোর্টের নির্দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 23, 2026 ইং
১৬ বছর পর্যন্ত শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা তৈরিতে হাইকোর্টের নির্দেশ ছবির ক্যাপশন: ১৬ বছর বা তার কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্রতীকী ছবি
ad728

১৬ বছর বা তার কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নীতিমালা প্রণয়নে স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কমিটিতে সাইবার নিরাপত্তা, শিশু মনস্তত্ত্ব, শিশুরোগ ও আইন বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।

একটি রিট আবেদনের শুনানি শেষে আজ রোববার বিচারপতি সিকদার মোহাম্মদ মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

ডাক ও টেলিযোগাযোগ সচিব, মহিলা ও শিশু বিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে আদালতের নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

একই সঙ্গে ১৬ বছর বা তার কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ফয়সাল দস্তগীর এ রিট আবেদন করেন। শুনানিতে তিনি নিজেই রিটের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন।


রিটকারী আইনজীবী মোহাম্মদ ফয়সাল দস্তগীর বলেন, দেশে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে কোনো সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় তারা কোনো বিধিনিষেধ ছাড়াই এসব প্ল্যাটফর্ম ব্যবহার করছে এবং নানা ধরনের প্রভাবের মুখে পড়ছে।

তার মতে, অতিরিক্ত সামাজিক মাধ্যম ব্যবহারের কারণে শিশুদের মধ্যে একাকিত্ব, বিষণ্নতা ও মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। এসব তাদের স্বাভাবিক মানসিক বিকাশেও বাধা সৃষ্টি করতে পারে।


রিটে আইসিডিডিআর,বির একটি গবেষণা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ঢাকায় প্রতি পাঁচ শিশুর মধ্যে চারজনের বেশি, অর্থাৎ ৮৩ শতাংশ শিশু দিনে দুই ঘণ্টার বেশি সময় ডিজিটাল স্ক্রিনে কাটায়। এ সময় আন্তর্জাতিকভাবে সুপারিশ করা সীমার চেয়ে বেশি।

গবেষণার তথ্য তুলে ধরে আইনজীবী বলেন, ডিজিটাল ডিভাইসে অতিরিক্ত সময় ব্যয় করা শিশুদের এক-তৃতীয়াংশের বেশি চোখের সমস্যায় ভুগছে। প্রায় ৮০ শতাংশ শিশুর প্রায়ই মাথাব্যথা হয় বলেও গবেষণায় উল্লেখ করা হয়েছে।


রিটে উল্লেখ করা গবেষণা অনুযায়ী, শৈশবে দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণে নেতিবাচক প্রভাব পড়তে পারে। একই সঙ্গে শারীরিক বৃদ্ধি ও সামগ্রিক মানসিক সুস্থতাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে এসব উদ্বেগ বিবেচনায় নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কমিটির সুপারিশের ভিত্তিতে শিশুদের অনলাইন নিরাপত্তা ও সামাজিক মাধ্যম ব্যবহারের বিষয়ে ভবিষ্যৎ পদক্ষেপ নির্ধারণের সুযোগ তৈরি হবে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গণঅভ্যুত্থানের অর্জন রক্ষায় যুবকদের রাজপথে থাকার আহ্বান সাইফ

গণঅভ্যুত্থানের অর্জন রক্ষায় যুবকদের রাজপথে থাকার আহ্বান সাইফ