জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মামলা তদন্তে তদারকি বাড়ানো এবং দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) পুলিশ হেডকোয়ার্টার্সে ভার্চুয়ালি অনুষ্ঠিত মে ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়। অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় অতিরিক্ত আইজি মামলা তদন্ত কার্যক্রমে আরও কার্যকর তদারকি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে মামলা তদন্ত সম্পন্ন করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, যাতে জনগণ ন্যায়বিচার পেতে পারে।
এছাড়া অভিযান পরিচালনার সময় পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা এবং সরকারি সম্পদের সুরক্ষা নিশ্চিত করার জন্যও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
দুই দিনব্যাপী এ মাসিক অপরাধ পর্যালোচনা সভার প্রথম দিনে মেট্রোপলিটন ও রেঞ্জ পর্যায়ের কর্মকর্তারা এবং দ্বিতীয় দিনে বিশেষায়িত ইউনিটের কর্মকর্তারা অংশ নেন।
সভায় মে ২০২৬ মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, সাজাপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরকরণ, মামলা তদন্ত ও বিচার কার্যক্রমের অগ্রগতি, সাজার হার এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কালের দাবি ডেস্ক