লিওনেল মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ৩২ নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ডালাসে অনুষ্ঠিত গ্রুপ ‘জে’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দলের জয়ের নায়ক ছিলেন অধিনায়ক মেসি।
ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। নবম মিনিটে পেনাল্টি পেলেও মেসির শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন অস্ট্রিয়ার গোলরক্ষক প্যাট্রিক পেনৎজ। তবে পেনাল্টি মিসের হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ৩৮তম মিনিটে ফাকুন্দো মেদিনার পাস থেকে বাঁ-পায়ের নিখুঁত শটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি।
দ্বিতীয়ার্ধে অস্ট্রিয়া আক্রমণাত্মক ফুটবল খেললেও এমিলিয়ানো মার্টিনেজের নেতৃত্বে আর্জেন্টিনার রক্ষণভাগ ছিল দৃঢ়। পুরো ম্যাচে অস্ট্রিয়া মাত্র একটি শট লক্ষ্যে রাখতে সক্ষম হয়।যোগ করা সময়ের পঞ্চম মিনিটে হুলিয়ান আলভারেজের প্রচেষ্টা থেকে ফিরতি বলে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। তাতেই ২-০ গোলের জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল।
এই জয়ে গ্রুপ ‘জে’ থেকে নকআট পর্বে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অন্যদিকে অস্ট্রিয়াকে শেষ ৩২-এ ওঠার আশা বাঁচিয়ে রাখতে পরবর্তী ম্যাচে ভালো ফলের অপেক্ষায় থাকতে হবে।
কালের দাবি ডেস্ক