ঢাকা | বঙ্গাব্দ

জাপানের দেওয়া ৫টি আধুনিক পেট্রোল বোট যুক্ত হলো বাংলাদেশ নৌবাহিনীতে

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 3, 2026 ইং
জাপানের দেওয়া ৫টি আধুনিক পেট্রোল বোট যুক্ত হলো বাংলাদেশ নৌবাহিনীতে ছবির ক্যাপশন: জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স (ওএসএ) কর্মসূচির আওতায় বোটগুলো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর
ad728

দেশের সামুদ্রিক নিরাপত্তা, উপকূলীয় নজরদারি এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে জাপানের দেওয়া পাঁচটি আধুনিক উচ্চগতির পেট্রোল বোট।

বৃহস্পতিবার জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স (ওএসএ) কর্মসূচির আওতায় বোটগুলো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমোয়াকি। এছাড়া দুই দেশের প্রতিনিধি, নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

বাংলাদেশ ও জাপানের মধ্যে ২০২৩ সালের নভেম্বরে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তির আওতায় এই প্রকল্প বাস্তবায়ন করা হয়। একই বছরের নভেম্বরেই নোট বিনিময়ের মাধ্যমে প্রকল্পের কাজ শুরু হয় এবং চলতি বছরের ৬ ফেব্রুয়ারি বোটগুলো চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।

জাপানি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে নৌবাহিনীর সদস্যদের এসব বোট পরিচালনা ও রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রতিটি পেট্রোল বোটের দৈর্ঘ্য ১৬ দশমিক ১৫ মিটার, প্রস্থ ৩ দশমিক ৫৩ মিটার এবং ধারণক্ষমতা ১৩ দশমিক ৫ টন। ঘণ্টায় সর্বোচ্চ ৩২ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম এসব বোট কম গভীরতার নদী, মোহনা ও উপকূলীয় জলপথে কার্যকরভাবে অভিযান পরিচালনার উপযোগী।

নৌবাহিনীর কর্মকর্তাদের মতে, নতুন এই বোটগুলো সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় টহল, নজরদারি, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতাও বাড়াবে।

সংশ্লিষ্টরা বলছেন, জাপানের ওএসএ কর্মসূচির আওতায় বাস্তবায়িত এই প্রকল্প দুই দেশের বিদ্যমান কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে এবং প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করবে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
কালের দাবি ডেস্ক

কালের দাবি ডেস্ক

পবিত্র আশুরায় সম্প্রীতি, সহনশীলতা ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বা

পবিত্র আশুরায় সম্প্রীতি, সহনশীলতা ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বা