ঢাকা | বঙ্গাব্দ

ভাটিয়ারীতে জাহাজভাঙা ইয়ার্ডে গ্যাস লিক, প্রাণ গেল ৮ শ্রমিকের

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 14, 2026 ইং
ভাটিয়ারীতে জাহাজভাঙা ইয়ার্ডে গ্যাস লিক, প্রাণ গেল ৮ শ্রমিকের ছবির ক্যাপশন: সীতাকুণ্ডের ভাটিয়ারীতে জাহাজভাঙা ইয়ার্ডে গ্যাস লিকের ঘটনায় উদ্ধার তৎপরতা। ছবি: সংগৃহীত
ad728

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি জাহাজভাঙা ইয়ার্ডে স্ক্র্যাপ এলএনজি জাহাজের ট্যাংক থেকে গ্যাস লিকের ঘটনায় বিষক্রিয়ায় ৮ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ থেকে ১৫ জন অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে ভাটিয়ারী স্টেশন রোডসংলগ্ন সাগর উপকূলে মো. লোকমানের মালিকানাধীন ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ ইয়ার্ডে দুর্ঘটনাটি ঘটে।

সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

নিহতদের মধ্যে সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই সহোদর মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮) নামে চারজনের পরিচয় জানা গেছে। তারা সবাই ভাটিয়ারী এলাকার বাসিন্দা।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আল মামুন জানান, প্রথমে ঘটনাস্থলে তিনজনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে আরও পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, শুক্রবার দুপুর ১২টার পর ভাটিয়ারীর ফেরদৌস স্টিল ইয়ার্ডের ঘটনায় আহত ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে পাঁচজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনায় অসুস্থ আরও ১০ থেকে ১৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইয়ার্ডের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ জানান, শুক্রবার ইয়ার্ডের কার্যক্রম বন্ধ ছিল। সকালে স্ক্র্যাপ এলএনজি জাহাজের একটি ট্যাংকে গ্যাস লিকেজ দেখা যায়। পরে স্থানীয় ও বহিরাগত কয়েকজন বিষয়টি দেখতে সেখানে গেলে তারা গ্যাসে আক্রান্ত হন। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং কয়েকজন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ মাহবুবুল হাসান বলেন, জাহাজ থেকে বিষাক্ত গ্যাস নির্গমনের ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। গ্যাস নির্গমনের কারণ এবং ইয়ার্ডে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আজ ব্যাংক লেনদেন বন্ধ, বন্ধ থাকবে শেয়ারবাজারও

আজ ব্যাংক লেনদেন বন্ধ, বন্ধ থাকবে শেয়ারবাজারও