
দর–কষাকষিতে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে ঐকমত্য না হওয়ায় ভোটাভুটির মাধ্যমে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন মজুরি কাঠামোয় চারটি গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন গ্রেডে ১৭ হাজার এবং সর্বোচ্চ গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা মজুরি হবে। নতুন মজুরি আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় এ সিদ্ধান্ত হয়। রাত দেড়টার দিকে সভা শেষ হয়। পরে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুজ্জামান ও শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বিষয়টি নিশ্চিত করেন।
বর্তমানে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। নতুন মজুরি ১৭ হাজার টাকা হওয়ায় বেতন বাড়ছে ৪ হাজার ৫০০ টাকা, যা বর্তমান মজুরির তুলনায় ৩৬ শতাংশ বেশি।
মজুরি নির্ধারণ নিয়ে গতকাল দিনভর মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে কয়েক দফা আলোচনা এবং প্রস্তাব সংশোধন হয়। একপর্যায়ে মালিকপক্ষ ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেয়। পরে মালিকপক্ষ তাদের প্রস্তাব ১৬ হাজার টাকা করে কমিয়ে আনলেও শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার দাবিতে অনড় থাকে।
এ অবস্থায় নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি ভোটাভুটির সিদ্ধান্ত নেন। বোর্ডের ছয় সদস্য ভোট দেন। শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। অন্য চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে ভোট দিলে সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তে ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারিত হয়।
নতুন মজুরি কাঠামোয় পোশাকশ্রমিকদের চারটি গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে।
গ্রেড ৪: ১৭ হাজার টাকা
গ্রেড ৩: ১৯ হাজার ২০০ টাকা
গ্রেড ২: ২০ হাজার টাকা
গ্রেড ১: ২১ হাজার ৫০০ টাকা
মজুরি বোর্ডের চতুর্থ সভা মঙ্গলবার বেলা সোয়া তিনটার দিকে শুরু হয়। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে সভায় নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব অংশ নেন।
এ ছাড়া মালিকপক্ষ থেকে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও অতিরিক্ত সিনিয়র সচিব নূর মোহাম্মদ আমিন এবং শ্রমিকপক্ষ থেকে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম বিশেষজ্ঞ হিসেবে সভায় অংশ নেন।
সভায় দর–কষাকষির সময় মালিকপক্ষ তাদের প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা থেকে চার দফায় বাড়িয়ে ১৭ হাজার টাকা করে। অন্যদিকে শ্রমিকপক্ষ ২২ হাজার টাকা থেকে চার দফায় কমিয়ে ১৯ হাজার টাকা প্রস্তাব করে। পরে মালিকপক্ষ তাদের প্রস্তাবে অনড় থাকলে শ্রমিকেরা ১৮ হাজার ৫০০ টাকা দাবি করেন। এরপর সংশোধিত প্রস্তাবে ১৮ হাজার টাকা দেওয়া হয়।
শেষ পর্যন্ত উভয় পক্ষ নিজ নিজ প্রস্তাবে অনড় থাকায় ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে সোমবারের সভায় শ্রমিকপক্ষ গ্রেড ১-এ ৩৫ হাজার, গ্রেড ২-এ ৩০ হাজার, গ্রেড ৩-এ ২৭ হাজার এবং গ্রেড ৪-এ ২২ হাজার টাকা মজুরি দাবি করেছিল। এর বিপরীতে মালিকপক্ষ গ্রেড ১-এ ১৮ হাজার ৮২৮ টাকা, গ্রেড ২-এ ১৭ হাজার ৮৮৭ টাকা, গ্রেড ৩-এ ১৬ হাজার ৯৯৬ টাকা এবং গ্রেড ৪-এ ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব করে।
পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ড গঠিত হয় গত ১ নভেম্বর। বোর্ডের প্রথম সভা হয় ৪ নভেম্বর। দ্বিতীয় সভায় ৯ নভেম্বর শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি দাবি করে। তৃতীয় সভা অনুষ্ঠিত হয় ২৩ নভেম্বর। ওই সভায় মালিকপক্ষ প্রথমে ১৫ হাজার টাকা মজুরির প্রস্তাব দেয়। পরে তা বাড়িয়ে ১৫ হাজার ৭০০ টাকা করা হয়। শ্রমিকপক্ষ তখন ২২ হাজার টাকা দাবি করে। ঐকমত্য না হওয়ায় ওই সভা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।
মজুরি নির্ধারণের আলোচনা চলার সময় গতকালও বোর্ড কার্যালয়ের সামনে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। তাঁদের কেউ ৩০ হাজার, আবার কেউ ৩২ হাজার টাকা মজুরি দাবি করে স্লোগান দেন।
গাজীপুরে ঢাকা–টাঙ্গাইল ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে শ্রমিকেরা বিক্ষোভ ও অবরোধ করেন। কয়েকটি জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। কোথাও কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করা হয়। গাজীপুরা এলাকায় একটি পুলিশ বক্স ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের ভোগরা বাইপাস, চৌরাস্তা ও কোনাবাড়ী এলাকায় ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পাশাপাশি ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল।
সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিল্পাঞ্চলেও শ্রমিক অসন্তোষ দেখা দেয়। কিছু কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি, ইটপাটকেল নিক্ষেপ ও ফটক ভাঙচুরের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধাপে ধাপে বল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশের তথ্য অনুযায়ী, গতকাল বিভিন্ন সময়ে ২৪টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। সাতটি কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। এ ছাড়া বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় ২০টি কারখানা বন্ধ ছিল।
মজুরি নির্ধারণের আগে সরকারের পক্ষ থেকে সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে গ্রহণযোগ্য মজুরি কাঠামো নির্ধারণের প্রত্যাশা জানানো হয়েছিল। শ্রমিকদের জীবনযাত্রার ন্যূনতম চাহিদা পূরণের পাশাপাশি শিল্পের সক্ষমতা ও রপ্তানি প্রতিযোগিতা বজায় রাখার বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেন, মূল্যস্ফীতি, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, শিল্পের সক্ষমতা, অন্যান্য খাতের মজুরি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর মজুরি কাঠামো বিবেচনায় নিয়ে গ্রহণযোগ্য মজুরি নির্ধারণ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও প্রত্যাশা পূরণের পাশাপাশি দেশের বৃহত্তম রপ্তানি খাতের সুরক্ষা, শিল্পের স্থিতিশীলতা এবং শ্রমিক–মালিকের সুসম্পর্ক নিশ্চিত করা জরুরি।
পোশাকশিল্প-সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নব্বইয়ের দশকের শুরুতে তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ছিল ৬২৭ টাকা। ১৯৯৪ সালে তা ৪৮ শতাংশ বেড়ে ৯৩০ টাকা হয়। এরপর প্রায় ৩০ বছরে নিম্নতম মজুরি বেড়েছে ১১ হাজার ৫৭০ টাকা।
সর্বশেষ ২০২৩ সালে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৫৬ শতাংশ বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এবার তা বাড়িয়ে ১৭ হাজার টাকা করা হলো।