
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে আট মাসের বেশি সময় ধরে উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন স্থাপনা, বিশেষ করে মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইরান। দীর্ঘ বিরতির পর সম্প্রতি বাহরাইনে আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো হামলার দাবি উঠেছে। রোববার ভোরে রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
স্থানীয় সময় রোববার ভোর চারটার দিকে মানামায় প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। সকাল সাড়ে ছয়টার দিকে আবারও বিস্ফোরণের শব্দ পান বাসিন্দারা। এ সময় সতর্কসংকেতও বাজতে থাকে। কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক সতর্কবার্তা প্রকাশ করে বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলে। গত সেপ্টেম্বরের পর এই প্রথম এমন সতর্কবার্তা দেওয়া হলো।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি রাডারব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, দেশটির আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে থাকা মার্কিন আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন পাঠানো হয়।
তবে বাহরাইনের সামরিক বাহিনী জানিয়েছে, হামলাকারী ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে। সেগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ও বলেছে, আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ইরানি ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে।
বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, প্রতিশোধ নেওয়ার ক্ষেত্র হিসেবে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেবে না তারা। হামলার জন্য ইরানকে পুরোপুরি দায়ী করেছে দেশটি।
মানামার বাসিন্দা ৬৫ বছর বয়সী হায়াত ইব্রাহিম বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমি ঠিক এটাই চাইছিলাম না, আবার এমন কিছু ঘটুক। ইরানের হামলা আবার শুরু হওয়ায় সেই উদ্বেগ ও অনিশ্চয়তা ফিরে এসেছে।’
এর আগে গত শুক্রবারও বাহরাইনে ড্রোন হামলা চালানোর দাবি করেছিল ইরান। গত সেপ্টেম্বরের পর উপসাগরীয় দেশগুলোতে সেটিই ছিল প্রথম হামলা। ওই ঘটনায় দুটি ইরানি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাহরাইনে হামলার নিন্দা জানিয়েছে আরব লিগ। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, বাহরাইনের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘনের বিরোধী তারা। একই সঙ্গে উত্তেজনা কমিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।
এদিকে হরমুজ প্রণালির কাছে একটি জ্বালানিবাহী ট্যাংকারে হামলার খবর জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনাকারী সংস্থা ইউকেএমটিও।
সংস্থাটি জানিয়েছে, জাহাজটির সব নাবিক নিরাপদে আছেন। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং পরিবেশের ওপর এর কী প্রভাব পড়তে পারে, তা এখনো জানা যায়নি।