
ডিজিটাল ব্যাংক উয়েনোর পতনকে কেন্দ্র করে সৃষ্ট আর্থিক সংকটের জেরে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়া। শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে গৃহবন্দি রাখা হয়েছে।
এর কয়েক মিনিট আগে নিজ দলের সদস্যসহ আইনপ্রণেতারা তাঁকে ক্ষমতা থেকে অপসারণের পক্ষে ভোট দেন। সিনেটের ৪৫ সদস্যের মধ্যে ৪৪ জন পেনিয়ার অভিশংসনের পক্ষে ভোট দেন। একজন আইনপ্রণেতা অনুপস্থিত ছিলেন।
পেনিয়া বৃহস্পতিবার পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন। তবে তা গ্রহণ না করে তাঁকে অভিশংসন ও অসদাচরণের অভিযোগে বিচারের সিদ্ধান্ত নেওয়া হয়। সিনেটের প্রেসিডেন্ট বাসিলিও নুনিয়েজ পরে জানান, দায়িত্ব পালনে অবহেলার দায়ে পেনিয়াকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে উয়েনো ব্যাংকের পতন এবং প্যারাগুয়ের কেন্দ্রীয় ব্যাংকের প্রতিষ্ঠানটি জব্দ করার পর দেশজুড়ে আর্থিক সংকট দেখা দেয়। ব্যাংকটির গ্রাহকসংখ্যা প্রায় ৩০ লাখ, যা প্যারাগুয়ের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ৬০ শতাংশ।
ব্যাংকটি গ্রাহকদের সঞ্চয়ের পাশাপাশি পেনশন ও সরকারের বিভিন্ন তহবিলের অর্থ সংরক্ষণ করত। প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় লাখ লাখ গ্রাহক তাঁদের ব্যাংক হিসাবে থাকা অর্থ ব্যবহারের সুযোগ হারিয়েছেন। অনেকেই সঞ্চয় ও পেনশনের অর্থ তুলতে পারছেন না।
এ ঘটনায় রাজধানী আসুনসিওনসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট পেনিয়ার পদত্যাগ দাবি করেন।
পেনিয়ার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাবে স্বার্থের সংঘাত তৈরি, নিয়ন্ত্রক সংস্থার তদারকি কার্যক্রমে কারসাজি, পেনশন তহবিলের অর্থ অন্য খাতে সরিয়ে নেওয়া এবং কেন্দ্রীয় ব্যাংককে ঘিরে প্রাতিষ্ঠানিকভাবে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ আনা হয়।
বিশ্বাসভঙ্গ, প্রভাব খাটিয়ে সুবিধা আদায় এবং তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে শনিবার তাঁকে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে বলে জানিয়েছেন সরকারি কৌঁসুলি সিলভিয়া মার্গারিটা গনজালেজ ভেস্টার।
গত বছর পর্যন্ত উয়েনো ব্যাংকের মালিকানাধীন প্রতিষ্ঠানের শেয়ার পেনিয়ার হাতে ছিল। তবে তাঁর বিরুদ্ধে ওঠা সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
অভিশংসনের ফলে সাবেক প্রেসিডেন্ট হিসেবে পাওয়া আজীবন সিনেট সদস্যপদ ও দায়মুক্তির সুবিধাও হারাবেন পেনিয়া।
পেনিয়াকে ক্ষমতাচ্যুত করার পর ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। তিনি ২০২৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
আলিয়ানা বলেছেন, আর্থিক বিপর্যয়ের কারণে যারা কঠিন সময় পার করছেন, তাঁদের সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া হবে।
পেনিয়ার পর প্রেসিডেন্ট হওয়ার সাংবিধানিক ধারাবাহিকতায় পরবর্তী অবস্থানে থাকা আলিয়ানার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া থেকে সরে এসেছে ক্ষমতাসীন রক্ষণশীল দল কলোরাডো পার্টি।
এদিকে প্যারাগুয়ের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে। আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়ায় অনুমোদন দিয়েছে দেশটির কংগ্রেস।
২০২৩ সালের নির্বাচনে ক্ষমতাসীন রক্ষণশীল দল কলোরাডো পার্টির প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হন সান্তিয়াগো পেনিয়া। ওই নির্বাচনে তিনি মধ্য-বামপন্থী এক প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেন।
বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পেনিয়া দুঃখ প্রকাশ করে বলেন, জনগণ তাঁর ওপর যে আস্থা রেখেছিল, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা তাঁর উদ্দেশ্য ছিল না।
তথ্যসূত্র: বিবিসি বাংলা