
অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে আগামী বছরের ৭ জানুয়ারি। মাসব্যাপী এ বইমেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বইমেলার তারিখ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ অক্টোবর সকালে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা-২০২৭ আয়োজন নিয়ে প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম উপস্থিত ছিলেন।
সভায় অংশ নেওয়া প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি বৃহস্পতিবার থেকে ৬ ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত বইমেলা আয়োজনের সময় নির্ধারণ করা হয়।
প্রতি বছর অমর একুশে বইমেলা ঘিরে লেখক, প্রকাশক ও পাঠকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। নতুন বই প্রকাশ, বই কেনা এবং লেখক-পাঠকের মিলনমেলায় পরিণত হয় এ আয়োজন।