
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’সহ সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
পরিপত্রে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর সঙ্গে সরকারি দাপ্তরিক যোগাযোগের ক্ষেত্রে তাঁদের পদবির আগে সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সরকারি নথিপত্র ও সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রেও একই নির্দেশনা প্রযোজ্য হবে। অর্থাৎ এসব নথিতে সংশ্লিষ্ট পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ লেখা যাবে না।
মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ এবং তাদের অধীন দপ্তরগুলোকে সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর করার জন্য অনুরোধ করা হয়েছে।
নতুন নির্দেশনার ফলে সরকারি দাপ্তরিক চিঠিপত্র, নথি ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীকে উল্লেখ করার প্রচলিত সম্বোধন পদ্ধতিতে পরিবর্তন আসছে।