
ময়মনসিংহের প্রবীণ বামপন্থী নেতা এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ময়মনসিংহ জেলা কমিটির সাবেক সভাপতি কমরেড মোহাম্মদ শাহজাহান আর নেই। বুধবার (২ সেপ্টেম্বর) ভোর ৫টায় স্থানীয় প্রান্ত স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। এর আগে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায়ও ভুগছিলেন।
তার মৃত্যুতে ময়মনসিংহের বামপন্থী রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে এবং অসংখ্য সহযোদ্ধা ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার দুপুরে ময়মনসিংহে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহের বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। পরে বিকেলে শহরের উপকণ্ঠ কাতলাসেনে নিজ বাড়িতে তাকে দাফন করা হয়।
কমরেড মোহাম্মদ শাহজাহানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বুধবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, কমরেড শাহজাহান সারা জীবন সমাজ বিপ্লবের আদর্শের প্রতি নিবেদিত ছিলেন। জীবনের প্রায় ছয় দশক তিনি মেহনতি মানুষের অধিকার ও মুক্তির জন্য সংগ্রাম করেছেন।
সাইফুল হক বলেন, ব্যক্তি প্রতিষ্ঠার কোনো লোভ বা প্রলোভন কমরেড শাহজাহানকে তার আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি। স্বল্পভাষী ও বন্ধুবৎসল এই প্রবীণ নেতার জীবন ও সংগ্রাম বর্তমান প্রজন্মের বিপ্লবী রাজনৈতিক কর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
তিনি আরও বলেন, ময়মনসিংহের বামপন্থী রাজনীতিতে কমরেড শাহজাহানের দীর্ঘদিনের অবদান স্মরণীয় হয়ে থাকবে। মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজ পরিবর্তনের লক্ষ্যে তার যে রাজনৈতিক জীবন ও সংগ্রাম, তা ভবিষ্যৎ প্রজন্মের কাছেও গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।
শোকবার্তায় সাইফুল হক প্রয়াত কমরেড শাহজাহানের বিপ্লবী জীবনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।