
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের নবজাতক ওয়ার্ডে আগুন লেগে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে।
বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
পিআইএমএসের কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ডের সময় নবজাতকদের রাখার কক্ষে ১৬ শিশু ছিল। এর মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, হাসপাতালের এমসিএইচ ওয়ার্ডের তৃতীয় তলায় সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) কম্প্রেসর বিস্ফোরণের পর আগুন দ্রুত ওই কক্ষে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি ও চারটি অ্যাম্বুলেন্স অংশ নেয়।
জেলা প্রশাসন জানিয়েছে, আগুনে ১৪ শিশু পুরোপুরি দগ্ধ হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও কীভাবে ঘটনাটি ঘটেছে, তা তদন্তে অতিরিক্ত উপকমিশনারের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটি আগুন লাগার কারণসহ হাসপাতালের ওই ওয়ার্ডে অগ্নিনিরাপত্তা ব্যবস্থার বিষয়টিও খতিয়ে দেখবে।