
মক্কা ডিফেন্স প্যাক্ট বা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন তিনি।
সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, ‘মক্কা ডিফেন্স প্যাক্ট নিয়ে তো আমরা আগ্রহ প্রকাশ করছি। তবে এ বিষয়ে কোনো ডেভেলপমেন্ট নেই।’
বাংলাদেশের প্রতি মধ্যপ্রাচ্যসহ মুসলিম বিশ্বের বিভিন্ন অংশের আগ্রহ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, বাংলাদেশের নেতৃত্ব, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিভিন্ন পক্ষ বাংলাদেশকে আমন্ত্রণ জানাচ্ছে এবং অংশগ্রহণের আহ্বান জানাচ্ছে।
মক্কার সঙ্গে বাংলাদেশের মানুষের বিশেষ আবেগের সম্পর্ক রয়েছে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, ইসলামিক দেশগুলোর মধ্যে কোনো নিরাপত্তা চুক্তি হলে তাতে বাংলাদেশের অংশগ্রহণ অস্বাভাবিক হবে না। বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি।