
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে কয়েক শত বাড়িঘর ও স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে। পরিস্থিতি মোকাবিলায় হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, গত শনিবার স্পোকেন ও এর আশপাশে তিনটি পৃথক দাবানলের সূত্রপাত হয়। প্রবল বাতাস ও চরম শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় শনি ও রোববার রাতে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
ঘটনার পর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বহু বাড়িঘর সম্পূর্ণ পুড়ে গেছে। কোথাও কোথাও শুধু ইটের তৈরি চিমনি ও ভবনের ভিত্তি অবশিষ্ট রয়েছে।
নিজ বাড়ি ছেড়ে বাগদত্তা ও দুটি কুকুর নিয়ে নিরাপদে আশ্রয় নেওয়া স্থানীয় বাসিন্দা জিওফ বিডলস বলেন, জীবনে দেখা সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্যগুলোর একটি এটি।
স্পোকেনের মেয়র লিসা ব্রাউন জানান, দাবানলে কয়েক শত বাড়ি ও স্থাপনা ধ্বংস হয়েছে। প্রাণহানির ঘটনা ঘটেছে কি না, তা যাচাই করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের পাশে দীর্ঘমেয়াদে থাকারও আশ্বাস দেন তিনি।
রোববার আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও দাবানল এখনো এক শতাংশও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয় শেরিফ জন নাওয়েলস। তিনি বলেন, আগুনের মধ্যে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করাও অত্যন্ত কঠিন।
ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে অঙ্গরাজ্যটি টানা চতুর্থ বছরের মতো খরার কবলে রয়েছে, যা ভয়াবহ দাবানলের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। তিনি দুর্যোগ মোকাবিলায় ফেডারেল সহায়তার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।