
সারা দেশের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার ট্যালেন্টপুল ও সাধারণ—দুই ক্যাটাগরিতে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।
রোববার (১২ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশিত ফল অনুযায়ী, ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন শিক্ষার্থী।
শিক্ষামন্ত্রী জানান, ফলাফল ধাপে ধাপে অনলাইনে প্রকাশ করা হচ্ছে এবং কয়েক ঘণ্টার মধ্যেই সব শিক্ষার্থী নিজ নিজ ফল দেখতে পারবে।
এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দেশের ৭৮ হাজার ৮১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। মোট নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লাখ ৪৫ হাজার ৪১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৪ লাখ ১৯ হাজার ৯৮২ জন, যা মোট নিবন্ধিত পরীক্ষার্থীর ৬৫ দশমিক ১১ শতাংশ।
বৃত্তিপ্রাপ্তদের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংখ্যাই বেশি। ট্যালেন্টপুলে সরকারি বিদ্যালয় থেকে ২৬ হাজার ৩৭৫ জন এবং বেসরকারি বিদ্যালয় থেকে ৬ হাজার ৫৯০ জন বৃত্তি অর্জন করেছে। অন্যদিকে সাধারণ বৃত্তিতে সরকারি বিদ্যালয় থেকে ৩৬ হাজার ৪২০ জন এবং বেসরকারি বিদ্যালয় থেকে ৯ হাজার ৮৬১ জন নির্বাচিত হয়েছে।
লিঙ্গভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, মোট বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৯২ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৩৫৪ জন। অর্থাৎ এবারও বৃত্তি অর্জনে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষার্থীদের মেধার বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যেই এই বৃত্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে।