
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আরোপিত প্রায় ৪.১ বিলিয়ন ইউরোর অ্যান্টিট্রাস্ট জরিমানার বিরুদ্ধে দীর্ঘ আইনি লড়াইয়ে পরাজিত হয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল ও এর মূল কোম্পানি অ্যালফাবেট। ইইউর সর্বোচ্চ আদালত আপিল খারিজ করে আগের রায় বহাল রেখেছে।
বৃহস্পতিবার ঘোষিত রায়ে আদালত জানায়, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নিজেদের বাজার-প্রভাব ব্যবহার করে গুগল সার্চ ও ক্রোম ব্রাউজারকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে প্রতিযোগিতাবিরোধী আচরণ করেছে প্রতিষ্ঠানটি।
মামলার সূত্রপাত ২০১৮ সালে, যখন ইউরোপীয় কমিশন অভিযোগ করে যে অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনে গুগল সার্চ ও ক্রোমকে ডিফল্টভাবে প্রি-ইনস্টল করতে নির্মাতাদের সঙ্গে বিভিন্ন লাইসেন্সিং চুক্তি করে বাজারে প্রতিযোগিতা সীমিত করেছে গুগল।
সে সময় কমিশন গুগলের বিরুদ্ধে ৪.৩৪ বিলিয়ন ইউরো জরিমানা আরোপ করে। পরে নিম্ন আদালত কিছু অভিযোগে কমিশনের সিদ্ধান্ত আংশিক সংশোধন করলেও মূল অভিযোগ বহাল রেখে জরিমানা কমিয়ে ৪.১২৫ বিলিয়ন ইউরো নির্ধারণ করে।
সর্বশেষ রায়ে ইইউর বিচার আদালত জানায়, নিম্ন আদালত আইনের যথাযথ ব্যাখ্যা দিয়েছে এবং অ্যান্ড্রয়েডে গুগলের প্রি-ইনস্টলেশন নীতি ও তথাকথিত 'অ্যান্টি-ফ্র্যাগমেন্টেশন' চুক্তিগুলো বাজারে প্রতিযোগিতা ব্যাহত করেছে।
আদালত আরও উল্লেখ করেছে, কোনো অ্যাপ ডিভাইসে আগে থেকেই ইনস্টল থাকলে সেটি ব্যবহারকারীদের কাছে স্বাভাবিকভাবেই বাড়তি সুবিধা পায়। তাই শুধুমাত্র সেবার মান বা ব্যবহারকারীদের পছন্দের কারণে গুগলের এই অবস্থান তৈরি হয়েছে—প্রতিষ্ঠানটির এমন যুক্তি আদালত গ্রহণ করেনি।
এই রায়ের মাধ্যমে ইউরোপে গুগলের অন্যতম গুরুত্বপূর্ণ অ্যান্টিট্রাস্ট মামলার নিষ্পত্তি হলো। একই সঙ্গে ডিজিটাল বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করতে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের কঠোর অবস্থান আবারও স্পষ্ট হয়েছে।