
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়েছে। নতুন অর্থবছরের এই বাজেটের আকার চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি। চলতি অর্থবছরের বাজেটের আকার ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাসের প্রস্তাব উত্থাপন করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে উপস্থিত সংসদ সদস্যদের কণ্ঠভোটে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদিত হয়।
বাজেট পাসের আগে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ব্যয়সংক্রান্ত ৫৯টি দাবি সংসদে উপস্থাপন করা হয় এবং সেগুলোর ওপর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এসব দাবির বিপরীতে সংসদ সদস্যরা মোট ১ হাজার ৩৪৪টি ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবগুলোর ওপর আলোচনা শেষে সেগুলো কণ্ঠভোটে নিষ্পত্তি করা হয়।
এর আগে গত ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। এরপর সরকারি দল, বিরোধী দল এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের অংশগ্রহণে প্রস্তাবিত বাজেটের ওপর দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়।
সরকারের ভাষ্য অনুযায়ী, নতুন অর্থবছরের বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি এবং জনকল্যাণমূলক খাতে বরাদ্দ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সংসদে পাস হওয়া ২০২৬-২৭ অর্থবছরের এই জাতীয় বাজেট আগামীকাল ১ জুলাই থেকে কার্যকর হবে।