
অন্তর্বর্তী সরকারের সময়ে সবচেয়ে বেশি দুর্নীতি সংঘটিত হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দায়িত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “অন্তর্বর্তী সরকারের দেড় বছর ছিল একটি অস্থির সময়। যমুনার অভ্যন্তরে এবং যমুনার কিনারায় নানা ঘটনা ঘটেছে। যারা আজ দুর্নীতির হিসাব চাইছেন এবং বিদেশি ঋণ নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের সময়ের কর্মকাণ্ডও তদন্ত হওয়া প্রয়োজন।”
তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, “আমি অনুরোধ করছি, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সব কর্মকাণ্ড তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেওয়া হোক। কোথায়, কীভাবে এবং কারা দুর্নীতি করেছে, তা খুঁজে বের করা উচিত।”
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) একটি প্রতিবেদনের তথ্য উল্লেখ করে তিনি দাবি করছেন যে, অন্তর্বর্তী সরকারের সময়েই সর্বোচ্চ দুর্নীতির ঘটনা ঘটেছে।
বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, “নির্বাচন এবং জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি।”
স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য জাতীয় সংসদে নতুন রাজনৈতিক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।