
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরীক্ষায় উত্তীর্ণ ১ হাজার ৫২১ জনকে সরকারি চাকরিতে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
রোববার (২৮ জুন) বিকেলে প্রকাশিত ফলাফলে দেখা যায়, সুপারিশপ্রাপ্তদের মধ্যে ১ হাজার ৩২০ জনকে বিভিন্ন ক্যাডার পদে এবং ২০১ জনকে নন-ক্যাডার পদে মনোনয়ন দেওয়া হয়েছে।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪-এর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে এবং যোগ্য প্রার্থীদের ক্যাডার ও নন-ক্যাডার পদে সুপারিশ করা হয়েছে।
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রথম প্রকাশ করা হয় ২০২৪ সালের ২৮ নভেম্বর। এতে ৩ হাজার ৪৮৭টি ক্যাডার এবং ২০১টি নন-ক্যাডার পদে নিয়োগের কথা উল্লেখ ছিল। তবে পরবর্তী সময়ে বিভিন্ন প্রশাসনিক পরিবর্তন ও সংশোধনের কারণে নিয়োগ প্রক্রিয়ায় একাধিকবার পরিবর্তন আসে।
সংশোধিত বিজ্ঞপ্তিতে আবেদন ফি কমানোর পাশাপাশি মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়। ফলে মোট পরীক্ষার নম্বর ১১০০ থেকে কমিয়ে ১০০০ নির্ধারণ করা হয়। একই সঙ্গে প্রথমবারের মতো বিসিএসে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর করা হয়।
২০২৪ সালের ২৯ ডিসেম্বর আবেদন গ্রহণ শুরু হয়ে ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলে। প্রাথমিকভাবে ২০২৫ সালের ৮ আগস্ট প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে ১৯ সেপ্টেম্বর নেওয়া হয়। দেশের আট বিভাগীয় শহরের ২৬২টি কেন্দ্রে অনুষ্ঠিত ওই পরীক্ষায় ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী উত্তীর্ণ হন।
পরবর্তীতে ২৭ নভেম্বর লিখিত পরীক্ষা শুরু হয় এবং কারিগরি ও পেশাগত ক্যাডারের পরীক্ষা ১৮ ডিসেম্বর পর্যন্ত চলে। লিখিত পরীক্ষার ফল ২০২৬ সালের ৭ এপ্রিল প্রকাশ করা হলে ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হন। এরপর ১১ মে থেকে মৌখিক পরীক্ষা গ্রহণ শুরু করে পিএসসি।
সব ধাপ সম্পন্ন হওয়ার পর রোববার ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হলো। ফলাফলের মাধ্যমে দীর্ঘদিনের নিয়োগ প্রক্রিয়ার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে।