
সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দুর্ঘটনা কমাতে ড্রাইভিং লাইসেন্সে দোষসূচক পয়েন্ট কর্তনের কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সম্প্রতি জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী ট্রাফিক আইন লঙ্ঘনকারী চালকদের বিরুদ্ধে অর্থদণ্ড বা কারাদণ্ডের পাশাপাশি লাইসেন্স থেকে নির্ধারিত পয়েন্টও কেটে নেওয়া হবে।
বিআরটিএর তথ্যমতে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ১১(১) অনুযায়ী প্রতিটি ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে মোট ১২টি দোষসূচক পয়েন্ট বরাদ্দ রয়েছে। কোনো চালক সড়ক বা মহাসড়কে ট্রাফিক আইন অমান্য করলে নির্ধারিত বিধান অনুযায়ী তার লাইসেন্স থেকে সংশ্লিষ্ট পয়েন্ট কর্তন করা হবে।
সংস্থাটি জানিয়েছে, বর্তমানে ‘রোড সেফটি পেনাল্টি সিস্টেম’ (আরএসপিএস) অ্যাপের মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত ও পর্যবেক্ষণ করা হচ্ছে। আইন ভঙ্গের তথ্য সিস্টেমে অন্তর্ভুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স থেকে স্বয়ংক্রিয়ভাবে দোষসূচক পয়েন্ট কেটে নেওয়া হচ্ছে।
বিআরটিএ আরও জানিয়েছে, সড়ক দুর্ঘটনা কমানো এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে এই ব্যবস্থা কার্যকর করা হয়েছে। এজন্য দেশের সব মোটরযান চালককে বিদ্যমান ট্রাফিক আইন ও সড়ক পরিবহন বিধিমালা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বিশেষজ্ঞদের মতে, উন্নত দেশগুলোর মতো দোষসূচক পয়েন্টভিত্তিক এই ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে বেপরোয়া গাড়ি চালানো, ট্রাফিক আইন লঙ্ঘন এবং সড়ক দুর্ঘটনার হার উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে।