প্রিন্ট এর তারিখঃ Jun 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 19, 2026 ইং
নকআউটের আশা বাঁচাতে আজ হাইতির মুখোমুখি ব্রাজিল

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ক্যারিবিয়ান দেশ হাইতি। প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল না পাওয়ায় দুই দলের জন্যই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। অন্যদিকে স্কটল্যান্ডের কাছে ১-০ ব্যবধানে হেরে টুর্নামেন্ট শুরু করে হাইতি। ফলে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে দুই দলই জয়ের লক্ষ্যে মাঠে নামবে। প্রথম ম্যাচের পর ব্রাজিলের সংগ্রহ এক পয়েন্ট। হাইতি এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি। নকআউট পর্বে ওঠার আশা জিইয়ে রাখতে সেলেসাওদের জন্য জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে হাইতির জন্য এটি কার্যত বাঁচা-মরার লড়াই।
দুই দলের অতীত পরিসংখ্যানও ব্রাজিলের পক্ষেই কথা বলছে। আন্তর্জাতিক ফুটবলে এ পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও হাইতি। তিনটি ম্যাচেই জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সর্বশেষ ২০১৬ সালের কোপা আমেরিকায় হাইতিকে ৭-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল ব্রাজিল। হাইতির বিপক্ষে জয় পেলে ব্রাজিলের পয়েন্ট হবে চার। এতে শেষ ম্যাচের আগে নকআউট পর্বের পথে অনেকটাই এগিয়ে যাবে তারা। তবে ড্র কিংবা পরাজয় হলে শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে কঠিন চাপে পড়তে হতে পারে সেলেসাওদের।
সম্ভাব্য একাদশ:
ব্রাজিল: অ্যালিসন বেকার, দানিলো (বা রজার ইবানেজ), মারকুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকুয়েতা, ফাবিনহো (বা ক্যাসেমিরো), রাফিনহা, ভিনিসিয়ুস জুনিয়র এবং ইগর থিয়াগো (বা মাথিউস কুনহা)।
হাইতি: জনি প্লাসিডো, মার্টিন এক্সপেরিয়েন্স, রিকার্ডো অ্যাডে, হ্যানেস ডেলক্রোইক্স, কার্লেন্স আর্কাস, জিন-রিকনার বেলেগার্ডে, ড্যানলি জিন জ্যাক, রুবেন প্রভিডেন্স, জোসু কাসিমির, লুইসিয়াস ডিডসন ও উইলসন ইসিডোর।
© স্বত্বাধিকারঃ কালের দাবি